সোমবার, ৬ এপ্রিল ২০২৬

সবশেষ

নিখোঁজ মার্কিন পাইলটের উদ্ধারকে ‘ইস্টারের অলৌকিক ঘটনা’ বলে সমালোচনায় ট্রাম্প

ইরানে নিখোঁজ মার্কিন যুদ্ধ বিমানের পাইলট উদ্ধারকে ‘ইস্টারের অলৌকিক ঘটনা’ হিসেবে ব্যাখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ও অন্যান্য কর্মকর্তারা এই অভিযানকে ধর্মীয় ভাষায় তুলে ধরে যুদ্ধকে ন্যায়সঙ্গত ও ঈশ্বরপ্রদত্ত বলে উপস্থাপন করেছেন। সোমবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

 

অতীতে সাধারণত ইস্টার উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা দেওয়া হতো মার্কিন প্রশাসন থেকে। কিন্তু সমালোচকদের মতে, এবার মার্কিন প্রশাসন যুদ্ধকে সমর্থন করতে এবং ন্যায়সঙ্গত দেখাতে ‘ধর্মীয় ভাষা’ ব্যবহার করছেন।

ট্রাম্প এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বলেন, ‘এই উদ্ধার অভিযান ইস্টারের একটি অলৌকিক ঘটনা’। এমনকি তার মন্ত্রিসভার সদস্যরাও একই সুরে বার্তা দিয়েছেন।

 

অপর এক বার্তায়, ট্রাম্প ধর্মীয় ভাষা ব্যবহার করে ইরানকে হুমকি দেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দিয়ে বলেন, তেহরান যেন হরমুজ প্রণালি খুলে দেয়, নইলে তাদের ওপর নরক নেমে আসবে। এমনকি পোস্টের শেষে তিনি ‘সকল প্রশংসা আল্লাহর’ বাক্যটিও ব্যবহার করেন।

 

এর আগে, ২০২৫ সালের অভিষেক ভাষণে ট্রাম্প বলেছিলেন, ২০২৪ সালের নির্বাচনি প্রচারণার সময় এক হত্যাচেষ্টা থেকে ঈশ্বরের কারণে তিনি বেঁচে যান।

 

তিনি আরও বলেন, ‘আমি তখন অনুভব করেছিলাম এবং এখন আরও বেশি বিশ্বাস করি যে, আমাকে একটি উদ্দেশ্যে বাঁচিয়ে রাখা হয়েছে তা হলো আমেরিকাকে আবার মহান রাষ্ট্রে করতে হবে।’

 

তবে তার এই ধর্মীয় ভাষা ব্যবহার করে সামরিক হুমকি দেওয়ার বিষয়টি জন্ম দিয়েছে সমালোচনার।

 

সাবেক রিপাবলিকান প্রতিনিধি মার্জোরি টেইলর গ্রিনি বলেন, ট্রাম্প খ্রিষ্টান মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। তার মতে, খ্রিষ্টানদের উচিত ‘শান্তির পথ’ অনুসরণ করা এবং যুদ্ধ আর না বাড়ানো।

 

মার্কিন মুসলিম সংগঠন ‘কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস’ ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানিয়ে বলেছে, ইসলামকে ব্যঙ্গ করা এবং বেসামরিক স্থাপনায় হামলার হুমকি দেওয়া বিপজ্জনক ও দায়িত্বহীন।

 

 

সংগঠনটি আরও বলছে, সহিংস হুমকির প্রেক্ষাপটে ‘সকল প্রশংসা আল্লাহর’ ব্যবহার করা ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে অপব্যবহার করার ইঙ্গিত দেয় এবং মুসলমানদের প্রতি অসম্মান প্রদর্শন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *