বুধবার, ৮ এপ্রিল ২০২৬

সবশেষ

অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ-ইতালি সম্পর্কে অগ্রগতির ইঙ্গিত

বাংলাদেশ ও ইতালির মধ্যে অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদারের ইঙ্গিত মিলেছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ব্যাপারে ইতালির আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাতে উভয় পক্ষ বাংলাদেশ-ইতালি সম্পর্কের ধারাবাহিক অগ্রগতি এবং জনগণের মধ্যে দৃঢ় যোগাযোগের বিষয়টি সন্তোষের সঙ্গে তুলে ধরেন। তারা বাণিজ্য ও বিনিয়োগ, চামড়া ও সিরামিক শিল্প, উৎপাদন, দক্ষতা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ইতালির ভূমিকার কথা উল্লেখ করে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতায় ইতালির সমর্থন কামনা করেন।

অভিবাসন ও জনগতিশীলতা বিষয়েও আলোচনা গুরুত্ব পায়। প্রতিমন্ত্রী নিয়মিত অভিবাসন চ্যানেল সম্প্রসারণের ওপর জোর দিয়ে ইতালি ও অন্যান্য ইউরোপীয় দেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত অনিয়মিত অভিবাসন রোধে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করেন এবং ইতালিতে বাংলাদেশি সম্প্রদায়ের ইতিবাচক অবদানের স্বীকৃতি দেন। উভয় পক্ষই নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে আইনি পথ, দক্ষতা অংশীদারিত্ব এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী জনশক্তি বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *