বুধবার, ৮ এপ্রিল ২০২৬

সবশেষ

ভিসা সেবায় সতর্ক থাকতে বাংলাদেশিদের পরামর্শ পশ্চিমা ১৩ দেশের

যুক্তরাজ্য, কানাডা, জার্মানিসহ পশ্চিমা বিশ্বের ১৩টি দেশ তাদের দূতাবাস থেকে ভিসাসহ বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে নির্ধারিত দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আজ বুধবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো—যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া। ঢাকায় অবস্থিত এসব দেশের দূতাবাস ও হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করেছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই সংশ্লিষ্ট দেশের নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া কিংবা অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকার জন্য আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়েছে।

এ ধরনের অনিয়মের ফলে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, এমনকি সীমান্তে প্রবেশে বাধা ও গুরুতর আইনি জটিলতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনো দেশের দূতাবাস বা মিশন কোনো এজেন্টের সঙ্গে সম্পৃক্ত নয়। তাই ভিসা প্রক্রিয়ায় বিশেষ সুবিধা বা প্রভাব বিস্তারের দাবি করে—এমন মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করতে আবেদনকারীদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

আবেদনকারীদের যাচাইকৃত তথ্য ব্যবহার করে সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে সব ধরনের ভিসাসংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। এতে সবার জন্য নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য আবেদন প্রক্রিয়া নিশ্চিত হবে বলে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *