মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

সবশেষ

ওমানে মৃত কর্মীদের ক্ষতিপূরণের অর্থ আত্মসাৎ: সক্রিয় চক্রের বিরুদ্ধে সতর্কতা

ওমানে মৃত বাংলাদেশি কর্মীদের ক্ষতিপূরণের টাকা আত্মসাৎকে কেন্দ্র করে একটি প্রতারণা চক্র সক্রিয় রয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের কল্যাণ শাখা-০২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, মাসকাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) কর্তৃক প্রেরিত এক পত্রে এই চক্রের তথ্য উঠে এসেছে। পত্রে উল্লেখ করা হয়, ওমানে মৃত কর্মীদের মৃত্যুবরণজনিত ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করার জন্য একটি সংঘবদ্ধ চক্র প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ওমানের নাগরিক সুলাইমান সাইফ আল বুসাইদির নাম ব্যবহার করে বিভিন্ন কৌশলে ভুয়া অ্যাকাউন্ট খুলে ক্ষতিপূরণের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। এ ঘটনায় ইতিমধ্যে ওমানের আদালতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া, আবেদনকারীদের অনুমতি ছাড়াই তাদের নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার ঘটনাও ঘটছে বলে জানানো হয়। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

এ প্রেক্ষিতে মন্ত্রণালয় ভোলা ও চট্টগ্রামের জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিষয়টি গুরুত্বসহকারে দেখার আহ্বান জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *