র্যাবকে পুলিশের বিশেষায়িত এলিট ইউনিট হিসেবেই রাখা হবে এবং বাহিনী পরিচালনায় নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দফতরে বাহিনীটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে র্যাব মানবাধিকার রক্ষার বিষয়টি গুরুত্ব দিয়েই কাজ করবে। বাহিনীর নাম পরিবর্তন হবে কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
র্যাবের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার প্রসঙ্গে মন্ত্রী বলেন, কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে বাহিনীটি সমালোচনার মুখে পড়েছে। তবে এর দায় পুরো প্রতিষ্ঠানের নয়। তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদী সময়কালে কিছু কর্মকর্তার কর্মকাণ্ড এবং যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা র্যাবকে বিতর্কের মধ্যে ফেলেছিল।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, র্যাবের কার্যক্রম পরিচালনার জন্য নতুন একটি আইন করা হচ্ছে। সেই আইনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানান তিনি।








