মঙ্গলবার, ১৯ মে ২০২৬

সবশেষ

যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় ৪৩ কোটি ডলারের অস্ত্র কিনছে ভারত

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করছে ভারত। এ লক্ষ্যে প্রায় ৪২ কোটি ৮২ লাখ ডলারের সামরিক সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে এই অস্ত্র বিক্রির তথ্য প্রকাশ করেছে।

বিবৃতিতে জানানো হয়, ভারতের জন্য দুটি আলাদা চালানে সামরিক সরঞ্জাম পাঠানো হবে। এর মধ্যে রয়েছে এইচ-এইচ সিক্সটি-ফোর ই অ্যাপাচি হেলিকপ্টার এবং এম সেভেন সেভেন সেভেন এ-টু আল্ট্রা-লাইট হাউইটজার।

চুক্তির সবচেয়ে বড় অংশ ব্যয় করা হচ্ছে এম-৭৭৭ এ২ আলট্রা-লাইট হাউইৎজার–সংক্রান্ত খাতে। প্রায় ২৩ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে এই আর্টিলারি সিস্টেম, এর যন্ত্রাংশ, মেরামত, প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, ফিল্ড সার্ভিস এবং লজিস্টিক সাপোর্টের জন্য।

অন্যদিকে বাকি ১৯ কোটি ৮২ লাখ ডলার ব্যয় হবে অ্যাপাচে হেলিকপ্টার কেনায়। তবে কতটি হেলিকপ্টার ভারত কিনছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

দীর্ঘদিন ধরেই সামরিক সরঞ্জামের জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল ভারত। স্বাধীনতার পর থেকে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশই রুশ অস্ত্র ও প্রযুক্তিভিত্তিক। তবে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক দ্রুত বাড়ছে।

বিশেষ করে ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ডোনাল্ড ট্রাম্প ভারতকে মার্কিন অস্ত্র কেনার বিষয়ে চাপ দিতে শুরু করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই প্রেক্ষাপটেই এই বড় সামরিক ক্রয়চুক্তি সম্পন্ন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই বিক্রয় চুক্তি যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে ইন্দো-প্যাসিফিক ও দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা, শান্তি এবং অর্থনৈতিক অগ্রগতিতে ভারতের ভূমিকাকেও গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *