হোয়াইট হাউসের কাছাকাছি গোলাগুলির ঘটনায় নিহত সন্দেহভাজন ব্যক্তি নাসির বেস্টকে নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাতে জানা গেছে, ২১ বছর বয়সী এই তরুণ এর আগেও অন্তত দুবার সিক্রেট সার্ভিসের হাতে আটক হয়েছিলেন। তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষতি করার ইচ্ছার কথাও প্রকাশ করেছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, ২০২৫ সালের জুনে বেস্ট হোয়াইট হাউসে প্রবেশের একটি লেন অবরোধ করেন এবং নিজেকে ‘ঈশ্বর’ বলে দাবি করেন। পরে সিক্রেট সার্ভিস সদস্যরা তাকে আটক করে ওয়াশিংটনের একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়।
এর ঠিক এক মাস পর আবারও তাকে আটক করা হয়। সে সময় বেস্ট হোয়াইট হাউস কমপ্লেক্সের একটি ড্রাইভওয়েতে প্রবেশের চেষ্টা করেছিলেন। পরে আদালতে তোলা হলে বিচারক তাকে হোয়াইট হাউসের নির্ধারিত সীমানা থেকে দূরে থাকার নির্দেশ দেন।
তদন্তকারীরা জানান, গত বছর বেস্টের অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ করতে গিয়ে বেশ কিছু অস্বাভাবিক ও বিভ্রান্তিকর পোস্টের সন্ধান পাওয়া যায়। এক পোস্টে তিনি নিজেকে ‘আসল’ ওসামা বিন লাদেন বলে দাবি করেছিলেন। পাশাপাশি ট্রাম্পের ক্ষতি করার ইচ্ছার কথাও অন্তত একটি পোস্টে উল্লেখ করেন।
সর্বশেষ গোলাগুলির ঘটনাটি ঘটে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার পর। সিক্রেট সার্ভিসের ভাষ্য অনুযায়ী, হোয়াইট হাউসসংলগ্ন সেভেনটিন্থ স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ এলাকায় বেস্ট একটি ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি চালাতে শুরু করেন। পরে নিরাপত্তা সদস্যরা পাল্টা গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। সিএনএনের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই অবস্থান করছিলেন। তবে সিক্রেট সার্ভিস জানিয়েছে, প্রেসিডেন্ট সম্পূর্ণ নিরাপদ ছিলেন এবং তার নিরাপত্তা বা সরকারি কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেও হোয়াইট হাউসের কাছে সশস্ত্র এক সন্দেহভাজনের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। এর আগে এপ্রিল মাসে ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ চলাকালেও গুলির ঘটনা ঘটে, যেখানে ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওই ঘটনায় সন্দেহভাজন কোল টমাস অ্যালেন ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন।








