সোমবার, ২৫ মে ২০২৬

সবশেষ

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘সম্ভবত আজই’ যুগান্তকারী কিছু হতে পারে: রুবিও

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনায় বড় ধরনের অগ্রগতির আভাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার ভাষ্য অনুযায়ী, দুই দেশের আলোচনায় এমন কোনো অগ্রগতি হতে পারে, যার খবর ‘সম্ভবত আজই’ সামনে আসতে পারে।

সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে আগ্রায় তাজমহল পরিদর্শনে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, আলোচনা এখনো চলমান রয়েছে এবং খুব শিগগিরই ইতিবাচক কোনো বার্তা পাওয়া যেতে পারে। তিনি জানান, গত রাতেই অথবা আজকের মধ্যেই নতুন কোনো অগ্রগতির তথ্য আসবে বলে তারা আশা করছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি, পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে একটি বাস্তবসম্মত, সময়সীমাভিত্তিক ও অর্থবহ সমঝোতার প্রস্তাব বর্তমানে আলোচনার টেবিলে রয়েছে। একই সঙ্গে বাণিজ্য ও কৌশলগত যোগাযোগের গুরুত্বপূর্ণ পথগুলোও উন্মুক্ত করার বিষয়ে আলোচনা চলছে।

চার দিনের ভারত সফরে থাকা রুবিও আরও বলেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কোনোভাবেই যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী বা দুর্বল চুক্তিতে যাবেন না। তবে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন।

তিনি ইঙ্গিত দেন, যদি আলোচনার মাধ্যমে সমাধান না আসে, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ‘অন্যভাবে’ পরিস্থিতি মোকাবিলা করতে পারে।

এর আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চূড়ান্ত ও স্বাক্ষরিত চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে ইরানি জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকবে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, দ্রুততার চেয়ে সঠিক সিদ্ধান্তই বেশি গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। তবে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, সম্ভাব্য সমঝোতার কিছু বিষয়ে এখনও আপত্তি রয়েছে যুক্তরাষ্ট্রের। বিশেষ করে জব্দকৃত ইরানি তহবিল মুক্ত করার দাবি নিয়ে অচলাবস্থা কাটেনি।

এদিকে, দুই দেশের মধ্যে শান্তিচুক্তির সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়েছে। সোমবার বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৬ শতাংশ কমে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *