সোমবার, ২৫ মে ২০২৬

সবশেষ

পশু জবাই ও ঈদের নামাজ আদায়ে ভারতের আরেক প্রদেশে কড়াকড়ি

ঈদুল আজহা ঘিরে ভারতের উত্তর প্রদেশে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থায় বাড়তি কড়াকড়ির ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জনসমক্ষে পশু কোরবানি এবং রাস্তা দখল করে ঈদের নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়ে প্রশাসনকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (২৪ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কোরবানির পশু জবাই শুধুমাত্র নির্ধারিত স্থানেই করতে হবে। কোনোভাবেই খোলা জায়গা বা জনসমক্ষে এ ধরনের কার্যক্রম চালানো যাবে না। একইসঙ্গে ঈদকে কেন্দ্র করে নতুন কোনো রীতি বা প্রথা চালু না করার নির্দেশও দেন তিনি।

যোগী আদিত্যনাথ স্পষ্টভাবে জানান, নামাজ আদায় করতে হবে শুধুমাত্র প্রচলিত ও ঐতিহ্যবাহী স্থানে। কোনো অবস্থাতেই সড়ক বা জনপথ বন্ধ করে জামাত আয়োজনের অনুমতি দেওয়া হবে না।

তিনি আরও নির্দেশ দেন, কোরবানির পর বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে হবে এবং খোলা স্থানে মাংস বিক্রির ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা কার্যকর রাখতে হবে। অবৈধ কসাইখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বৈধ কসাইখানাগুলোতেও নির্ধারিত সক্ষমতার অতিরিক্ত পশু না রাখার জন্য সতর্ক করা হয়েছে।

উৎসব চলাকালে নিরাপত্তা জোরদার করতে প্রশাসনকে বিশেষ নির্দেশনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সংবেদনশীল এলাকাগুলোতে ফ্ল্যাগ মার্চ, ধর্মীয় উপাসনালয়ের আশপাশে বাড়তি টহল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সচল রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আলিগড়, বিজনোর, সাহারানপুর, রামপুর ও সম্ভলের মতো স্পর্শকাতর জেলার কর্মকর্তাদের সঙ্গে আলাদা করে কথা বলেন যোগী আদিত্যনাথ। তিনি অতীতের সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনাগুলো পর্যালোচনা করে সম্ভাব্য বিশৃঙ্খলাকারীদের আগেই শনাক্ত করার নির্দেশ দেন।

অন্যদিকে, ঈদুল আজহা উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারও ছুটির সূচিতে পরিবর্তন এনেছে। আগে ঘোষিত দুই দিনের ছুটি বাতিল করে নতুন সিদ্ধান্তে একদিন সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে।

রাজ্য সরকারের সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ২৭ নভেম্বর প্রকাশিত আগের নির্দেশনায় ২০২৬ সালের ২৬ ও ২৭ মে ঈদুল আজহা উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে নতুন চাঁদ দেখার সম্ভাব্য হিসাব অনুযায়ী ২৮ মে ঈদ উদযাপিত হতে পারে বিবেচনায় নিয়ে ওই দুই দিনের ছুটি বাতিল করা হয়েছে। ফলে মঙ্গলবার ও বুধবার স্বাভাবিক কর্মদিবস হিসেবে গণ্য হবে এবং বৃহস্পতিবার (২৮ মে) একদিন সরকারি ছুটি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *