মঙ্গলবার, ৯ জুন ২০২৬

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, দেশটির ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করা হয়েছে এবং সেগুলো প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রয়েছে।

সোমবার (৮ জুন) প্রকাশিত এক বিবৃতিতে আইডিএফ নাগরিকদের সতর্কবার্তা অনুসরণ করে নিরাপদ আশ্রয়ে অবস্থানের আহ্বান জানায়।

স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে দক্ষিণাঞ্চলের বিয়ারশেবা ও আশপাশের এলাকায় সাইরেন বাজতে শুরু করে। একই সঙ্গে জেরুজালেম, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর এবং দেশের আরও বিস্তৃত অঞ্চলে সতর্ক সংকেত শোনা যায়।

এর আগে, রোববার রাতে পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর কথা জানায় ইসরায়েলি বিমান বাহিনী। ওই অভিযানের পরপরই ইরান থেকে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আইডিএফ।

এরও আগে, লেবাননে চলমান হামলার প্রতিক্রিয়ায় যুদ্ধবিরতির মধ্যেই প্রায় দুই মাস পর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

অন্যদিকে, ইয়েমেন থেকেও ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করার পর মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, জেরুজালেম ও তেল আবিবসহ আশপাশের এলাকাগুলোতেও সতর্ক সংকেত শোনা গেছে।

পরিস্থিতি মূল্যায়নের পর আইডিএফ জানায়, দেশের বিভিন্ন স্থানে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত নাগরিকদের নিরাপদে সেখান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, ইয়েমেনভিত্তিক হুতি গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে কোনো হতাহত বা সরাসরি ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে আশ্রয় নিতে যাওয়ার সময় পড়ে গিয়ে আহত হওয়া একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *