ইরানের সঙ্গে চলমান সামরিক উত্তেজনা দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা দেখছে না ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর অভ্যন্তরীণ মূল্যায়নে ধারণা করা হচ্ছে, চলমান অভিযান আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
ইসরায়েলি সেনা রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে সামরিক বিষয়ক সাংবাদিক ডোরন কাদোশের বরাত দিয়ে বলা হয়, সম্ভাব্য দীর্ঘমেয়াদি পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী বড় পরিসরে রিজার্ভ সদস্যদের সক্রিয় করার প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে একাধিক রিজার্ভ ব্যাটালিয়নকে ডাকা হতে পারে।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে কাদোশ জানান, সীমান্ত অঞ্চলে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে অতিরিক্ত সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে অধিকৃত পশ্চিম তীর ও জর্ডান সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে বাহিনীর উপস্থিতি বাড়ানো হতে পারে।
এদিকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার দায়িত্বে থাকা ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ডও সোমবার সকাল থেকে ব্যাপকভাবে রিজার্ভ সদস্যদের সক্রিয় করার কার্যক্রম শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সামরিক প্রস্তুতির এই পদক্ষেপগুলো থেকে ইঙ্গিত মিলছে, ইরানের সঙ্গে চলমান পাল্টাপাল্টি হামলাকে স্বল্পমেয়াদি সংঘাত হিসেবে দেখছে না ইসরায়েলি কর্তৃপক্ষ।








