বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সবশেষ

ওমান উপকূলে ট্যাংকারে মার্কিন হামলা: নিখোঁজ ৩ ভারতীয় নাবিকের মৃত্যু!

ওমান উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নিখোঁজ থাকা তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ভারত সরকার। বৃহস্পতিবার (১১ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতের কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, হামলার পর থেকে নিখোঁজ থাকা তিন নাবিকের আর জীবিত থাকার সম্ভাবনা নেই; তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।

নিহতরা হলেন ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং চিফ ইঞ্জিনিয়ার পাটনালা সুরেশ।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১০ জুন) ওমান উপসাগরে চলাচলরত ‘সেত্তেবেলো’ নামের একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। পালাউয়ের পতাকাবাহী জাহাজটিতে মোট ২৮ জন নাবিক ছিলেন, যার মধ্যে ২৪ জনই ভারতীয় নাগরিক।

ওমানের সোহর বন্দর থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে অবস্থানকালে জাহাজটি হামলার মুখে পড়ে। হামলার সময় জাহাজ কর্তৃপক্ষ জরুরি বিপদ সংকেত পাঠায়।

ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে হামলার নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ ‘সেত্তেবেলো’-তে হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং তা গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, ট্যাংকারটি ইরানি তেল বহন করছিল। মার্কিন সামরিক বাহিনীর নির্দেশনা অমান্য করায় জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে ওয়াশিংটন জানিয়েছে।

এ ঘটনার জেরে বৃহস্পতিবারও কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। নয়াদিল্লিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অব মিশনকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *