বুধবার, ১৯ আগস্ট ২০২৬

সবশেষ

স্বামীর মৃত্যু: ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

কারাগারে থাকা সাবেক সমাজকল্যাণ ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে বৃহস্পতিবার ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে থাকবেন বলে বুধবার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এর আগে, স্বামীর মৃত্যুর পর মানবিক বিবেচনায় দীপু মনিকে চার দিনের প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করা হয়। বুধবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবারের পক্ষ থেকে আবেদনটি জমা দেওয়া হয়।

দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর তার স্ত্রীকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়েছিল। আবেদনে চার দিনের সময় চাওয়া হয়।

বুধবার দুপুর পৌনে ২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলি নেওয়াজ মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে আবেদনটি জমা দেন। এর আগে দুপুর ১২টার দিকে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন এবং প্যারোলে মুক্তির বিষয়ে তার সঙ্গে কথা বলেন।

গত মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়েছে।

স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর বুধবার সকালে কারাগারে থাকা দীপু মনির সঙ্গে দেখা করতে যান তার মেয়ে। পরে পরিবারের পক্ষ থেকে তার প্যারোলে মুক্তির উদ্যোগ নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *