বুধবার, ১৯ আগস্ট ২০২৬

সবশেষ

চিকিৎসা শেষে দেশে ফেরার প্রস্তুতি কলকাতার হোটেলে আগুনে প্রাণ গেল একই পরিবারের চারজনের

ভারতের কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। তাদের মধ্যে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, ছেলে শর্ণশিষ দত্ত ও শ্বশুর আকরাম আলী রয়েছেন। নিহত অপর বাংলাদেশি আহমেদ বাবু ঢাকার আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার বাসিন্দা।

কলকাতাস্থ বাংলাদেশের ডেপুটি হাইকমিশন জানিয়েছে, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি বলে তারা নিশ্চিত হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাকি নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

পরিবারের তথ্য অনুযায়ী, আফসানা শারমীন অসুস্থ ছিলেন। তার চিকিৎসার জন্য গত ৩ আগস্ট পরিবারের সদস্যরা ভারতে যান। বেঙ্গালুরুতে চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবারই তারা কলকাতায় পৌঁছান। দেশে ফেরার আগে একটি হোটেলে অবস্থান নেন তারা। সেখানেই মধ্যরাতে আগুনের ঘটনায় পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়।

নিহত দেবাশীষ দত্ত কুষ্টিয়ায় সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান জানান, দেবাশীষ ওই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে তিনি চ্যানেল নাইন ও দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন।

অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদেশি আহমেদ বাবুর বাড়ি ঢাকার আমিনবাজারের বেগুনবাড়িতে বলে জানা গেছে।

এদিকে নিহত একজন ভারতীয়র পরিচয়ও শনাক্ত হয়েছে। তিনি ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাসিন্দা সন্দীপ পাসওয়ানে।

কলকাতার হোটেলে মধ্যরাতে লাগা আগুনে এখন পর্যন্ত মোট ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুনে আরও কেউ হতাহত হয়েছেন কি না এবং নিহতদের মধ্যে অন্যদের পরিচয় কী, তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *