বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সবশেষ

নানকের নেতৃত্বে আ. লীগ নেতারা আগরতলায়, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের পৌঁছানোকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। দলটির নেতাদের আগমনের খবর ছড়িয়ে পড়ার পর সীমান্ত এলাকায় অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রতিনিধি দলটি আগরতলার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বিমানবন্দরে পৌঁছায়।

স্থানীয় ও দলীয় একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিনিধি দলে নানকের পাশাপাশি রয়েছেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরও সাত থেকে আটজন নেতা। বিকেলে তাদের আগরতলা-আখাউড়া স্থলবন্দর এলাকা পরিদর্শনের কথা রয়েছে।

এর আগে, পশ্চিমবঙ্গ ও যশোরের বেনাপোল-পেট্রাপোল সীমান্ত এলাকা ঘুরে দেখার পর আওয়ামী লীগ নেতাদের এই আগরতলা সফর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ হিসেবে যেসব স্থলবন্দরের নাম আলোচনায় রয়েছে, আগরতলা-আখাউড়া তার অন্যতম।

এদিকে আওয়ামী লীগ নেতাদের আগমনের খবর জানাজানি হওয়ার পর আখাউড়া স্থলবন্দর এলাকায় প্রতিবাদী অবস্থানের প্রস্তুতি নেয় স্থানীয় বিএনপি। বিকেল ৪টার দিকে স্থলবন্দর অভিমুখে অবস্থান কর্মসূচির কথা জানানো হলেও এর আগেই দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী সেখানে জড়ো হন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নেতারা ভারতে আশ্রয় নিয়েছেন। তাদের কাছে খবর এসেছে, ব্রাহ্মণবাড়িয়ার তিনটি সীমান্তবর্তী উপজেলার যেকোনো একটি প্রবেশপথ ব্যবহার করে নাশকতার উদ্দেশ্যে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি দল বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা সীমান্ত এলাকায় অবস্থান করছেন। অবৈধভাবে কেউ যাতে দেশে প্রবেশ করে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে লক্ষ্যেই তাদের এই অবস্থান কর্মসূচি।

আওয়ামী লীগ প্রতিনিধি দলের আগমন এবং বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে আখাউড়া সীমান্ত এলাকায় বুধবার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *