বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সবশেষ

প্রথম ধাপে বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

আড়াই বছর পর আবারও উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। প্রথম দফায় ১১২ কর্মীকে বিদায় জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে তাদের পাঠানো হচ্ছে।

আড়াই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়া আবারও শুরু হচ্ছে। প্রথম ধাপে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে ১১২ জন কর্মী দেশটিতে যাচ্ছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথম দফায় নির্বাচিত এই কর্মীরা মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে কাজ করবেন। তাদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত। তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগ পাওয়া কর্মীরা নিয়োগকর্তার পক্ষ থেকে আবাসন ও চিকিৎসাসুবিধাও পাবেন।

বৃহস্পতিবার বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, সরকারি উদ্যোগে প্রথমবারের মতো সম্পূর্ণ বিনা খরচে কর্মী পাঠানোর এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। কর্মীদের কাছ থেকে বোয়েসেল কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো অর্থ নিচ্ছে না। পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি, প্রাক্‌-বহির্গমন প্রশিক্ষণ, বিমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের জনপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা ব্যয় বহন করা হচ্ছে। অন্যদিকে, ভিসা ফি ও বিমান টিকিটের সম্পূর্ণ খরচ দিচ্ছে নিয়োগকর্তা।

রাশেদুল হকের হিসাবে, প্রচলিত ব্যবস্থায় একজন কর্মীর বিদেশ যেতে আনুমানিক ২ লাখ টাকা ব্যয় হলেও এই কর্মসূচিতে সেই অর্থ সাশ্রয় হচ্ছে। সে হিসাবে প্রথম দফার ১১২ কর্মীর মোট সাশ্রয়ের পরিমাণ প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।

আবেদন ৪ হাজারের বেশি, নির্বাচিত ১১২ জন

কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দালালমুক্ত ব্যবস্থা নিশ্চিত করার কথা জানিয়েছে বোয়েসেল। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রথম ধাপে ৪ হাজার ৩৯ জন অনলাইনে আবেদন করেছিলেন। সেখান থেকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করা হয়েছে।

তবে এই নিয়োগ কার্যক্রম কেবল একটি প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকছে না। মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা পাওয়া গেছে। প্রতিষ্ঠানভিত্তিক চাহিদার মধ্যে ডিএইচএল সাপ্লাই চেইনে ১১২ জন, টপ গ্লোভে ৩৭৯ জন, তাতাওয়া ইন্ডাস্ট্রিতে ৩২ জন এবং ইউনাইটেড প্লান্টেশনে ৫২৫ জন কর্মী রয়েছেন।

দ্বিতীয় দফায় কর্মী পাঠানোর সম্ভাব্য সময়ও জানিয়েছে বোয়েসেল। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, আগামী ৫ বা ৯ ডিসেম্বর দ্বিতীয় ধাপের কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো হতে পারে। পরবর্তী দফায় নির্বাচিত কর্মীরা অন্য একটি প্রতিষ্ঠানে যোগ দেবেন।

প্রথম ধাপে ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা

সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম পর্যায়ে মোট ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। এ জন্য লটারির মাধ্যমে কর্মী নির্বাচনের প্রক্রিয়া চলছে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই ১০ হাজার কর্মীর মধ্যে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদের জন্য এক হাজার কর্মসংস্থানের সুযোগ রাখা হবে।

বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জনশক্তি রপ্তানির বাজার মালয়েশিয়া ২০২৪ সালের ৩১ মে থেকে বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ ছিল। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বাজারটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। গত জুনে মালয়েশিয়া সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বাংলাদেশের কর্মীদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার অনুরোধ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

দুর্নীতির অভিযোগে বারবার বন্ধ হয়েছে শ্রমবাজার

বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজারের উত্থান-পতনের ইতিহাস দীর্ঘ। ২০০৮ সালে প্রথমবারের মতো দেশটি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ করে দেয়। পরে ২০১৬ সালে বাজারটি পুনরায় চালু হলেও কর্মী পাঠানোর প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ওঠায় ২০১৮ সালে আবারও বন্ধ হয়ে যায়।

২০২২ সালে নতুন করে শ্রমবাজার চালু হলেও কর্মী নিয়োগ ও বিদেশে পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটনির্ভর ব্যবস্থার অভিযোগ সামনে আসে। বিশেষ করে ২০১৮ ও ২০২২ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনা হয়।

এবার সরকারি ব্যবস্থাপনায় কোনো অভিবাসন ব্যয় ছাড়াই কর্মী পাঠানোর উদ্যোগকে সেই পুরোনো ব্যবস্থার বাইরে একটি বিকল্প কর্মসংস্থান মডেল হিসেবে দেখা হচ্ছে। প্রথম দফার ১১২ কর্মীর যাত্রার মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের কর্মী পাঠানোর নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *