বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সবশেষ

স্থগিত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ সম্পাদকের বাসায় পুলিশের হানা!

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে নড়াইলে দায়ের করা একটি মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে তার বাসায় হাজির হয়েছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানে তার বাসায় যান গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই)। তবে মামলাটির কার্যক্রম হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে বলে জানা গেছে।

ওই সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে বঙ্গভবনে একটি মতবিনিময় সভায় যোগ দিতে বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মাহমুদুর রহমান। এ সময় পুলিশ কর্মকর্তা তাকে জানান, শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সেই পরোয়ানা কার্যকর করতেই পুলিশ বাসায় এসেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় মামলাটি করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। মামলায় মাহমুদুর রহমান ছাড়াও আসামি করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিমকে। মওদুদ আহমদ ২০২১ সালের ১৬ মার্চ মারা যান।

মামলায় দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০৫ ধারার পাশাপাশি ১২৩(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।

তবে মামলাটির কার্যক্রম নিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ আইনি জটিলতা। হাইকোর্টের একটি বেঞ্চ মামলাটির কার্যক্রম স্থগিত করেছেন। চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালতের এক আদেশেও স্থগিতাদেশের বিষয়টি উল্লেখ করা হয়। আদালত মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আগামী বছরের ২৭ জানুয়ারি। এর মধ্যেই স্থগিত থাকা মামলায় জারি করা পরোয়ানা কার্যকরের জন্য পুলিশের মাহমুদুর রহমানের বাসায় যাওয়ার ঘটনা সামনে এলো।

সংশ্লিষ্ট নথি অনুযায়ী, পরোয়ানার নম্বর আর-১৬/২৬। এটি ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর জারি করা হয়েছিল।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, মাহমুদুর রহমানের বাসায় পুলিশ যাওয়ার কারণ সম্পর্কে খোঁজ নিয়ে জানতে হবে।

এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী সময়ে বর্তমান সরকারের মেয়াদে রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্য সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী। তবে মাহমুদুর রহমানসহ আমার দেশ-এর সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর কার্যক্রম এখনও চলমান রয়েছে। এসব মামলায় নির্ধারিত তারিখে আদালতে হাজির না হলে গ্রেফতারি পরোয়ানাও জারি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *