দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেছেন, পলাতক ফ্যাসিস্টরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। দেশে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ, তবে চূড়ান্ত পরিস্থিতি তৈরি হলে তা কঠোর হাতে মোকাবিলা করা হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে তিনি কোনো অস্থিরতা দেখছেন না। সরকার রক্তপাত চায় না বলেই ধৈর্যের সঙ্গে নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলা করছে। একই সঙ্গে সব রাজনৈতিক দলের গণতান্ত্রিকভাবে রাজনীতি করার পরিবেশ নিশ্চিত করার কথাও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা গড়ে উঠুক। সব রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে রাজনীতি করবে। আমরা বলপ্রয়োগ করব না। কিন্তু চূড়ান্ত পরিস্থিতি শক্ত হাতে সামাল দেওয়া হবে।’
মানবাধিকার লঙ্ঘন ও অপরাধের বিচার নিশ্চিত করার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি মানবাধিকার অপরাধের বিচার করা হবে। ইতিহাসে গণহত্যা চালিয়ে মানুষ হত্যার সঙ্গে জড়িত কোনো রাষ্ট্রপ্রধানই রাজনীতিতে ফিরে আসতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও রাজনীতিতে ফিরতে পারবে না।
বিএনপির ভূমিকা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে যতবার স্বৈরতন্ত্রের আবির্ভাব ঘটেছে, ততবারই বিএনপির হাত ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশে ভবিষ্যতে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে বিজয়ের মাস উপলক্ষে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি। কর্মসূচির সূচনা হবে ১ ডিসেম্বর গ্র্যান্ড র্যালির মধ্য দিয়ে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।








