শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

সবশেষ

জাতীয় নির্বাচন ও গণভোট উৎসবমুখর হবে: প্রধান উপদেষ্টা

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোট উৎসবমুখর হবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার (৩ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন। তিনি বলেন, দেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাতীয় উন্নয়ন ও নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

ড. মুহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনীর ভূমিকাকে প্রশংসা করে বলেন, নিরাপত্তা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সমাপনী অনুষ্ঠানে কোর্স সম্পন্নকারী সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, ন্যাশনাল ডিফেন্স কলেজে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় নীতি প্রণয়ন, উন্নয়ন পরিকল্পনা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, দ্রুত পরিবর্তনশীল আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেশ ও বিশ্বকে প্রতিকূলতা থেকে রক্ষা করতে দক্ষ নেতৃত্ব গড়ে তোলায় ন্যাশনাল ডিফেন্স কলেজ ইতোমধ্যে একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

প্রধান উপদেষ্টা ভবিষ্যৎ নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আগামী ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।’ পাশাপাশি তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্যও সকলের দোয়া কামনা করেন।

কোর্স সমাপনী অনুষ্ঠানে তিনি কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, দেশের উন্নয়ন ও জাতীয় স্বার্থ সংরক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা সর্বোচ্চভাবে কাজে লাগাতে।

উল্লেখ্য, চলতি বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৫-এ ৯৬ জন সদস্য অংশগ্রহণ করেন, যার মধ্যে ৪৯ জন ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর, ১৮ জন অসামরিক প্রশাসনের এবং ২৯ জন বিভিন্ন দেশ থেকে আগত ভ্রাতৃপ্রতিম সদস্য। এছাড়া আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৫-এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর ৫৬ জন কর্মকর্তা সফলভাবে কোর্স সম্পন্ন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *