বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬

স্পেনে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা

অস্ট্রেলিয়া, ফ্রান্স ও ডেনমার্কের মতো এবার স্পেনও ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে। পাশাপাশি প্ল্যাটফর্মগুলোকে বয়স যাচাইয়ের কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য করা হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, আমাদের শিশুরা এমন একটি জগতের সংস্পর্শে আসছে যেখানে তাদের একা বিচরণ করা উচিত নয়। এটি আসক্তি, অপব্যবহার, পর্নোগ্রাফি, কারসাজি এবং সহিংসতার এক জগৎ। আমরা এটি আর মেনে নেব না। ডিজিটাল ‘ওয়াইল্ড ওয়েস্ট’ থেকে আমরা তাদের রক্ষা করব।

দুবাইতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে তিনি বলেন, অবৈধ বা বিদ্বেষপূর্ণ কনটেন্ট সরাতে ব্যর্থ হলে সোশ্যাল মিডিয়ার কর্মকর্তা ও প্ল্যাটফর্ম উভয়কেই অপরাধী হিসেবে গণ্য করে শাস্তির আওতায় আনা হবে।

সানচেজ বলেন, অ্যালগরিদমের কারসাজি এবং অবৈধ কনটেন্ট ছড়িয়ে দেওয়াকে আমরা নতুন ফৌজদারি অপরাধের আওতায় আনব। ঘৃণা ছড়ানোর চড়া মূল্য দিতে হবে।

স্পেনের প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী সপ্তাহে নতুন আইন পাসের প্রক্রিয়া শুরু হবে। প্রস্তাবিত অন্যান্য ব্যবস্থার মধ্যে রয়েছে ‘হেইট অ্যান্ড পোলারাইজেশন ফুটপ্রিন্ট’, যা ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কীভাবে বিভেদ উসকে দেয় এবং ঘৃণা বাড়ায় তা শনাক্ত ও পরিমাপ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *