ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনক্ষণ নির্ধারিত হয়েছে। এ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রীসহ প্রতিবেশী ও আঞ্চলিক বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে ওই শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি অনিশ্চিত বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাষ্ট্রীয় সফরে ভারতে আসছেন। ওইদিন মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রোঁর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের সূচি রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সফরের অংশ হিসেবে ম্যাক্রোঁ ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ‘এআই ইমপ্যাক্ট’ সম্মেলনেও অংশ নেবেন। তিনি ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অবস্থান করবেন। ফলে একই দিনে ঢাকায় অনুষ্ঠেয় শপথ অনুষ্ঠানে মোদির উপস্থিতি সম্ভব হচ্ছে না বলেই ধারণা করা হচ্ছে।
হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধি অংশ নিতে পারেন। এ ক্ষেত্রে দেশটির ভাইস-প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতির সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির জয়ের পরপরই নরেন্দ্র মোদি দলটির প্রধান তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানান। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ওই ফোনালাপের বিষয়টি প্রকাশ করেন।
পোস্টে মোদি লেখেন, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে তিনি আনন্দিত এবং নির্বাচনে বিজয়ের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি ভারত ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা তুলে ধরে দুই দেশের জনগণের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতি ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস








