বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

ইমিগ্রেশন কর্মকর্তাদের ভয়ে সমুদ্রে ঝাঁপ দুই বাংলাদেশির

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তাদের অভিযানকালে গ্রেফতার এড়াতে সমুদ্রে ঝাঁপ দিয়েছেন দুই প্রবাসী বাংলাদেশি। ঝাঁপ দেয়ার পর সমুদ্রের স্রোতে ভেসে যান তারা। উত্তাল সমুদ্রে দীর্ঘ দুই ঘণ্টা ভেসে থাকার পর অবশেষে তাদের জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তেরেঙ্গানু রাজ্যের লেম্বাহ বিডং এলাকার একটি নির্মাণ সাইটে অভিযান চালায় দেশটির ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা। অভিযানের খবর পেয়ে সেখানে কর্মরত দুই বাংলাদেশি পালানোর চেষ্টা করেন।

দুইজন সৈকত ধরে প্রায় এক কিলোমিটার দৌড়ানোর পরও ইমিগ্রেশন কর্মকর্তাদের সামনে পড়েন। ধরা পড়ার ভয়ে তারা তৎক্ষণাৎ সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন এবং সাঁতরিয়ে মাঝ সমুদ্রের দিকে চলে যান। এ সময় তারা একটি পরিত্যক্ত ককশিট খুঁজে পান। সেটাকে ভেলা হিসেবে ব্যবহার করে তারা উত্তাল ঢেউয়ের মধ্যে কোনোমতে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন।

তাদের দ্রুত উদ্ধারে অভিযান শুরু করে সিভিল ডিফেন্স ফোর্স এবং স্থানীয় জেলেরা। ইমিগ্রেশন বিভাগ তাদের অবস্থান শনাক্ত করতে ড্রোন ব্যবহার করে। ড্রোনের ফুটেজে উপকূল থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে সমুদ্রের মাঝখানে তাদের ভেসে থাকতে দেখা যায়। প্রায় দুই ঘণ্টা পর তাদের উদ্ধার করে উপকূলে ফিরিয়ে আনা হয়।

তেরেঙ্গানু ইমিগ্রেশন ডিরেক্টর মোহদ ইউসরি মোহদ নর জানান, ‘উদ্ধারের সময় তারা চরম ক্লান্ত ছিলেন। তাদের প্রাথমিক সেবা ও পানীয় সরবরাহ করা হয়েছে। তারা দুজনেই সুস্থ আছেন। তবে তাদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু হয়েছে।’

প্রাথমিক তদন্তে দেখা গেছে, একজনের কাছে কোনো ধরণের বৈধ নথিপত্র নেই এবং অন্যজন ভিসার শর্ত লঙ্ঘন করেছেন। আটক দুই বাংলাদেশির পরিচয় জানানো হয়নি। শুধুমাত্র তাদের বয়স ৩০ বছর বলে জানানো হয়েছে।

অভিযানে তেরেঙ্গানু রাজ্যের লেম্বাহ বিডং এলাকায় মোট ৩১৬ জন বিদেশি নাগরিককে যাচাই করা হয়। এর মধ্যে ২২৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি ২২২ জন, ইন্দোনেশীয় ৩ জন এবং ১ জন ভারতীয় নাগরিক রয়েছে। তাদেরকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *