রাজধানীর উত্তরা এলাকায় সংঘটিত হত্যা ও স্বর্ণালংকার চুরি মামলার রহস্য ২৪ ঘণ্টার মধ্যে উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা মেট্রো (উত্তর)।
গত ১৪ ফেব্রুয়ারি এক অজ্ঞাতনামা নারী মাসিক ৫ হাজার টাকা বেতনে গৃহকর্মী হিসেবে কাজে যোগ দেন। তিনি কেয়ারটেকারের কাছে ‘মমতাজ’ এবং পরিবারের কাছে ‘মারুফা’ নাম ব্যবহার করেন। ঠিকানা ও এনআইডি পরে দেওয়ার কথা বললেও আর দেননি।
১৭ ফেব্রুয়ারি সকালে বাসায় প্রবেশ করে দুপুরে একটি পলিথিন ব্যাগ হাতে বের হয়ে যান ওই নারী। এদিন সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাসায় এসে বৃদ্ধা আয়শা আক্তারকে অচেতন অবস্থায় এবং আনোয়ার হোসেনকে অসুস্থ অবস্থায় পান। তাদের লুবানা জেনারেল হাসপাতাল এ নেওয়া হলে চিকিৎসক আয়শা আক্তারকে মৃত ঘোষণা করেন। আনোয়ার হোসেন আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের দাবি, বাসা থেকে প্রায় ১১ ভরি ১০ আনা স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ৩১ লাখ ৮৫ হাজার ২৫০ টাকা) এবং নগদ ১ লাখ টাকা খোয়া গেছে। পাশের বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় সন্দেহভাজন নারীকে শনাক্ত করা হয়।
পিবিআই জানায়, তদন্তে তার প্রকৃত নাম বিলকিস বেগম (৪০) বলে শনাক্ত হয়। গাজীপুর, ময়মনসিংহ ও জামালপুর এলাকায় অনুসন্ধান চালিয়ে গাজীপুর চৌরাঙ্গা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে তদন্ত সংস্থা জানিয়েছে।
জানা যায়, বিলকিস বেগম পূর্বেও ভিন্ন ভিন্ন ছদ্মনামে রাজধানীর বিভিন্ন এলাকায় একই কৌশলে অজ্ঞান করে চুরির ঘটনায় জড়িত ছিলেন। একাধিক থানায় তার বিরুদ্ধে পূর্ব মামলা থাকার তথ্য মিলেছে।
পিবিআই জানিয়েছে, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।







