এইচএসসি পরীক্ষা শুরুর আগে রেজিস্ট্রেশনে ভুল জেন্ডার আসায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জিএম শহিদুল ইসলাম বলেন, ‘কম্পিউটার অপারেটরের অসাবধানতার কারণে এমনটা হয়েছে। এজন্য তাকে শোকজ করা হয়েছে। পরীক্ষার আগেই ভুলটা ধরা পড়ায় এখন সমাধান করা সহজ হয়েছে। আমরা সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশনের ভুল সংশোধন করে দিচ্ছি। এখানে শিক্ষার্থীদের হয়রানির কোনো সুযোগ নেই। কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ করলেই সমাধান হচ্ছে। গত রবিবার থেকে এরই মধ্যে অনেকগুলো রেজিস্ট্রেশন সংশোধন করে দেওয়া হয়েছে। তবে এটা বড় কোনো বিষয় নয়।’
বিভাগীয় শিক্ষক-কর্মচারী ঐক্য ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল বলেন, ‘শিক্ষার্থীদের হাতে ভুল কার্ড পৌঁছানোয় তারা মানসিকভাবে আঘাত পেয়েছে। এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়, যা আরো গুরুত্বের সঙ্গে দেখা উচিত ছিল। নতুন করে কার্ড ছাপাতে অর্থ ব্যয় হবে, আর সেটি কোনোভাবেই কলেজের ওপর চাপানো যাবে না, বোর্ডকেই তা বহন করতে হবে।’








