মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারের আশাবাদ সেতুমন্ত্রীর

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। এসময় বাংলাদেশ-সুইজারল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত রেতো রেংগলি বাংলাদেশের জনগণের বিপুল সমর্থনে গঠিত বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ সম্পর্ক আরও জোরদার করা হবে।

রাষ্ট্রদূত বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি খাত, বন্দর ব্যবস্থাপনা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন। এসব ক্ষেত্রে অংশীদারিত্বের ভিত্তিতে সুইজারল্যান্ডের সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন তিনি ।

এ সময় সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশ অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে দ্রুত অগ্রসর হচ্ছে।

এই অগ্রযাত্রায় আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আশা প্রকাশ করেন, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি স্থানান্তর, বন্দর ব্যবস্থাপনা ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে।সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *