নারীরা শারীরিকভাবে দুর্বল হলেও মানসিকভাবে অত্যন্ত দৃঢ়—আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উত্তর কোরিয়ার নারীদের এভাবেই মূল্যায়ন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।
সোমবার (৯ মার্চ) পিয়ংইয়ংয়ে এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে তিনি নারীদের দেশ গঠনে অবদানকে ‘বিপ্লবের দৃঢ় ভিত্তি’ হিসেবে অভিহিত করেন।
কিম জং উন বলেন, “উত্তর কোরিয়ার নারীদের সাদামাটা মুখে সাহসের ছাপ এবং শরীরের বলিরেখা তাদের কঠোর পরিশ্রমের প্রমাণ দেয়। এই নারীরাই আধুনিক বিপ্লবের মূল শক্তি।”
অনুষ্ঠানে কিম জং উনের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী রি সোল জু এবং মেয়ে কিম জু-এ, যাকে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ‘প্রিয় কন্যা’ হিসেবে পরিচয় দেওয়া হয়। বিশ্লেষকরা মনে করছেন, কিমের মেয়ের এই সরব উপস্থিতি তাকে উত্তর কোরিয়ার পরবর্তী উত্তরসূরি হওয়ার পথে এগিয়ে রাখছে।
উচ্চপদস্থ দলীয় কর্মকর্তা এবং বিদেশি কূটনীতিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কিমের বক্তৃতার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়।
সূত্র: ফার্স্টপোস্ট








