শনিবার, ১৪ মার্চ ২০২৬

একটি নয়, অন্তত ১০টি মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

শনিবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) জানায়, উত্তর কোরিয়ার সুনান এলাকার কাছ থেকে অজ্ঞাত ধরনের প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপান সাগরের দিকে ছোড়া হয়।

জেসিএস এক বিবৃতিতে বলেছে, ক্ষেপণাস্ত্রগুলোর গতিপথ ও সক্ষমতা বিশ্লেষণ করা হচ্ছে এবং পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক বসন্তকালীন যৌথ সামরিক মহড়া চলাকালে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। দীর্ঘদিন ধরেই এই মহড়াকে আক্রমণের প্রস্তুতি হিসেবে উল্লেখ করে আসছে পিয়ংইয়ং। অনেক সময় এসব মহড়াকে অজুহাত হিসেবে দেখিয়ে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন বা অস্ত্র পরীক্ষা বাড়ায় উত্তর কোরিয়া।

এর আগে ১০ মার্চ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির পশ্চিম উপকূলে নতুন একটি ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার তদারকি করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা যাচাই এবং জাহাজটির নাবিকদের দ্রুত নৌবাহিনীতে মোতায়েনের প্রস্তুতি হিসেবে দূরবর্তী স্থান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নির্দেশ দেন কিম। এছাড়া দেশের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা প্রদর্শন করাও পরীক্ষার অন্যতম উদ্দেশ্য ছিল।

এর আগে, জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে।

তথ্যসূত্র: এপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *