২০২৪ সালে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার দায়িত্বে ছিলেন মেজর জেনারেল অ্যান্টোনি অগুতো। একবার ট্রেন ভ্রমণের সময় ভুল করে ‘সিক্রেট’ চিহ্নিত যুদ্ধের মানচিত্র ফেলে আসেন। এই তথ্য উঠে এসেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পরিদর্শক জেনারেলের এক প্রতিবেদনে।
সিবিএস নিউজ ওই প্রতিবেদনের বরাতে জানিয়েছে, ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা তদারকি করতেন অগুতো। তিনি ইউক্রেন সফর শেষে ফেরার পথে মানচিত্রসহ ওই টিউব ফেলে রেখে আসেন। এতে মহা বিপাকে পড়েছেন মার্কিন জেনারেল।
জানা যায়, কিয়েভ থেকে পোল্যান্ডগামী ওই ট্রেনটি ইউএস স্টেট ডিপার্টমেন্টের ব্যবস্থাপনায় চালু ছিল। এটি মূলত মার্কিন কর্মকর্তাদের যাতায়াতের জন্য ব্যবহৃত হতো। নথি হারানোর বিষয়টি বুঝতে পেরে অগুতো দ্রুত ইউক্রেনে অবস্থিত মার্কিন দূতাবাসকে অবহিত করেন। পরে ট্রেনের নিরাপত্তা বিভাগ টিউবটি উদ্ধার করে দূতাবাসে পৌঁছে দেয়।
যদিও অগুতোর দাবি—এতে কোনো গোপন তথ্য ফাঁস হয়নি। তবে প্রতিবেদনে বলা হয়েছে, সংবেদনশীল নথি অনিরাপদ অবস্থায় ফেলে রাখা হয়েছিল এবং তা অন্যের হাতে পড়ার ঝুঁকি তৈরি হয়েছিল।
একই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের মে মাসে কিয়েভে অবস্থানকালে অতিরিক্ত মদ্যপানের পর পড়ে গিয়ে মাথায় আঘাত পান অগুতো। এর ফলে তিনি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে ব্যর্থ হন, যার মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেনের সঙ্গে নির্ধারিত বৈঠকও ছিল।
তদন্তে বলা হয়েছে, মদ্যপানের পর একাধিকবার পড়ে গিয়ে তিনি কনকাশনে আক্রান্ত হন। যা তার দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি করে। ঘটনার পরিপ্রেক্ষিতে পরিদর্শক জেনারেল সেনাবাহিনীর সচিবকে অগুতোর বিরুদ্ধে ‘প্রমাণিত অসদাচরণের’ ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন।








