বুধবার, ১৮ মার্চ ২০২৬

নিউইয়র্ক সিটির বহুতল ভবনে ভয়াবহ আগুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনের মিডটাউনে এক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) সকালে, সেন্ট প্যাট্রিক’স ডে প্যারেড শুরু হওয়ার ঠিক আগে এই আগুন লাগে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

পুলিশ ও দমকল সূত্র জানায়, ইস্ট ৪৩তম স্ট্রিট ও ম্যাডিসন অ্যাভিনিউ সংলগ্ন উচ্চ ভবনের ছাদে সকাল ১০টার কিছু আগে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী।

নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট (এফডিএনওয়াই) প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ভবনের ছাদ থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে ভবনের উপরের অংশ থেকে আগুনের শিখা বের হতে দেখা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের এয়ার কন্ডিশনিং ইউনিটে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে।

দমকল কর্মীরা দ্রুত অভিযান চালিয়ে সকাল ১১টার আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঠিক ওই সময়েই সেন্ট প্যাট্রিক’স ডে প্যারেড শুরু হওয়ার কথা ছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার সময় ভবনটি ব্যবহৃত হচ্ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক প্রতিবেদনে ভবনটি নির্মাণাধীন ছিল বলে উল্লেখ করা হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণে আশপাশের এলাকায় যানজট, সড়ক বন্ধ এবং গণপরিবহন চলাচলে বিঘ্ন দেখা দেয়। শহরের জরুরি সতর্কতা ব্যবস্থা এ বিষয়ে আগাম সতর্কতা জারি করেছিল।

দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *