নিজেকে কানাডা প্রবাসী ও বিপত্নীক পরিচয়ে আমেরিকা প্রবাসী বাংলাদেশি নারীর সঙ্গে পরিচিত হয়ে মোবাইলের মাধ্যমে সম্পন্ন হয় বিয়ে। অতঃপর ভিডিওকলে কথা বলার সময় ঐ নারীর আপত্তিকর ভিডিও সংরক্ষণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেয় প্রতারক। এ রকম প্রায় অর্ধশতাধিক নারীর সাথে প্রতারণা করে আত্মগোপনে থাকলেও সিআইডির হাতে ধরা পড়তে হলো তাকে।
এই গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সালাউদ্দিন (২৯)। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া এলাকায়। ২০ জানুয়ারি চট্টগ্রামের লোহাগাড়া এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)-এর সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম।
অভিযোগে জানা যায়, মো. সালাউদ্দিন ফেসবুক ম্যারেজ মিডিয়া পেজ “BCCB Matrimonial: Heavenly Match” এর মাধ্যমে একজন আমেরিকা প্রবাসী বাংলাদেশি নারীর সঙ্গে পরিচিত হয়। তিনি নিজেকে “নাদিম আহমেদ সুমন” নাম ধারণ করে কানাডা প্রবাসী ও বিপত্নীক হিসেবে পরিচয় দেয়। ভিক্টিমের বিশ্বাস অর্জনের জন্য ভিডিও কলে তার মা ও বোন পরিচয়ে আরও দুইজনকে পরিচয় করিয়ে দেয়। পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে বিবাহ সম্পন্ন হওয়ার পর অভিযুক্ত ব্যক্তি আমেরিকায় যাওয়ার কথা বলে ভিক্টিমের কাছ থেকে ধারাবাহিকভাবে আর্থিক সহায়তা নিতে থাকে।
এক পর্যায়ে ভিডিওকলে কৌশলে ভিক্টিমের আপত্তিকর ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। ব্ল্যাকমেইল ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সে ভিক্টিমের কাছ থেকে বিভিন্ন ব্যাংক একাউন্ট এবং বিকাশের মাধ্যমে আনুমানিক ১ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার (যার বর্তমান বাংলাদেশি মূল্য প্রায় ১ কোটি ৫৩ লক্ষ ৭৫ হাজার টাকা) আত্মসাৎ করে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মো. সালাউদ্দিনের বিরুদ্ধে আগেও একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মো. সালাউদ্দিন ৮০ থেকে ৮৫ জন ভিকটিমের সাথে একইরকমভাবে প্রতারণা করেছে বলে স্বীকার করেছে।
তার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অজ্ঞাত অপর সদস্যদের শনাক্তকরণ ও অন্যান্য আইনানুগ প্রক্রিয়ার স্বার্থে সিআইডির তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে।








