সোমবার, ১৮ মে ২০২৬

সবশেষ

‘ইরানে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র’

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে আবারও সামরিক উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কাতারের দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিস বিভাগের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি মনে করছেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে হামলা চালাতে পারে।

সোমবার আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে থাকা কট্টরপন্থি গোষ্ঠী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মতো নেতাদের চাপ যুক্তরাষ্ট্রকে আবারও সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

এলমাসরির ভাষ্য, ইরানের কাছ থেকে ট্রাম্প যে ধরনের আত্মসমর্পণ বা সমঝোতা আশা করেছিলেন, তা তিনি পাননি। একইসঙ্গে তেহরানের সঙ্গে আলোচনাও তার প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। এমনকি চীন সফর ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের সময়ও ট্রাম্প ইরান ইস্যুতে ভিন্ন ফলের আশা করেছিলেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে ইরান যুদ্ধ ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধরনের চাপ তৈরি করেছে। তবে পরিস্থিতি থেকে সরে এসে নিজ দেশে ‘যুদ্ধজয়ের বার্তা’ নিয়ে ফেরা ট্রাম্পের জন্য সহজ হবে না বলেও মন্তব্য করেন এই বিশ্লেষক।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এরপর টানা ৪০ দিন দুই পক্ষের মধ্যে সংঘাত চলতে থাকে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য ও সামরিক তৎপরতায় আবারও নতুন সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *