হরমুজ প্রণালীর কাছে মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি গানশিপ হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে দুর্ঘটনায় হেলিকপ্টারটির পাইলটরা নিরাপদে আছেন এবং কেউ আহত হননি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটন ডিসিতে ফেরার আগে নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হেলিকপ্টার বিধ্বস্ত হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, এ বিষয়ে একটি আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন মঙ্গলবারের মধ্যেই প্রকাশ করা হতে পারে।
তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। হেলিকপ্টারটি ইরানের হামলার শিকার হয়েছিল কি না, নাকি যান্ত্রিক ত্রুটি অথবা অন্য কোনো কারণে ভূপাতিত হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাতে এমন তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালীতে ইরানের আরোপিত অবরোধ মোকাবিলায় মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দীর্ঘদিন ধরে অ্যাপাচি হেলিকপ্টার, যুদ্ধবিমান এবং ড্রোন মোতায়েন করে আসছে।
নিউইয়র্ক টাইমসের তথ্য বলছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর এটিই প্রথম অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা। একই সময়ে ইরান দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের ৩০টি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে।
সামরিক বিশ্লেষকদের মতে, সাধারণ টহল ও নজরদারি কার্যক্রমের বাইরে সাম্প্রতিক সময়ে অ্যাপাচি হেলিকপ্টারগুলোকে আরও গভীর এলাকায় অভিযানে পাঠানো হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, এটি অঞ্চলে সেন্টকমের আরও সক্রিয় ও আক্রমণাত্মক কৌশলের ইঙ্গিত বহন করে।
এদিকে রোববার প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি হয়ে ওঠা দুটি ইরানি ড্রোন তারা গুলি করে ভূপাতিত করেছে। একই সঙ্গে যেকোনো ধরনের সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।








