যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা চূড়ান্ত হওয়ার আগেই কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রস্তাবিত চুক্তির শর্ত তার প্রত্যাশা পূরণ না করলে ওয়াশিংটন আবারও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে।
ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছেনি।
ট্রাম্পের ভাষ্য, বর্তমানে যে নথি নিয়ে আলোচনা চলছে, সেটি মূলত একটি সমঝোতা স্মারক। তবে এর বিষয়বস্তু তার কাছে গ্রহণযোগ্য না হলে কিংবা ইরান চুক্তির শর্ত যথাযথভাবে অনুসরণ না করলে যুক্তরাষ্ট্র পুনরায় হামলার পথে যেতে পারে।
সাংবাদিকদের সামনে তিনি বলেন, প্রয়োজন হলে ইরানের ওপর আবারও হামলা চালানো হবে এবং বোমাবর্ষণও পুনরায় শুরু করা হতে পারে।
তবে একই সঙ্গে ট্রাম্প সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান কাঠামোগত চুক্তির প্রশংসাও করেন। তার দাবি, চুক্তিটি অত্যন্ত শক্তিশালী এবং এর প্রভাব ইতোমধ্যে আর্থিক বাজারে ইতিবাচক প্রতিফলন তৈরি করেছে।
তিনি আরও বলেন, সমঝোতা আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার পর এক বা দুই দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত হতে পারে।
যদিও সম্ভাব্য এই চুক্তি নিয়ে এখনো কোনো পূর্ণাঙ্গ আনুষ্ঠানিক নথি প্রকাশ করা হয়নি। তবুও বিশ্লেষকদের মতে, এটি বাস্তবায়িত হলে সাম্প্রতিক সংঘাত-পরবর্তী মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও কৌশলগত পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে।








