সোমবার, ২০ জুলাই ২০২৬

সবশেষ

বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন-আর্জেন্টিনা লড়াইয়ে কার পাল্লা ভারী? বলছে পরিসংখ্যান

বিশ্বকাপের শিরোপা নির্ধারণের মহারণে আজ মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। বাংলাদেশ সময় রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে একে অপরের বিপক্ষে খেলতে নামছে দুই দল।

মাঠের লড়াই শুরুর আগে কে ট্রফি জিতবে, সেটি বলা কঠিন। তবে র‌্যাঙ্কিং, অতীতের মুখোমুখি লড়াই এবং এবারের টুর্নামেন্টে পারফরম্যান্স বিশ্লেষণ করলে দুই দলের মধ্যে ব্যবধান খুঁজে পাওয়া কঠিন।

ফিফার ১১ জুন প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছে আর্জেন্টিনা। ঠিক তাদের পরেই দ্বিতীয় স্থানে আছে স্পেন। লাইভ র‌্যাঙ্কিংয়েও অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ফলে র‌্যাঙ্কিংয়ের দিক থেকেও দুই দল প্রায় সমান শক্তির প্রতিচ্ছবি।

মুখোমুখি পরিসংখ্যানও বলছে জমজমাট প্রতিদ্বন্দ্বিতার গল্প। এখন পর্যন্ত ১৪ বার একে অপরের বিপক্ষে খেলেছে আর্জেন্টিনা ও স্পেন। এর মধ্যে দুই দলই ৬টি করে ম্যাচ জিতেছে, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

সাম্প্রতিক দুই দেখায়ও দেখা গেছে দুই ভিন্ন চিত্র। ২০১০ সালে স্পেনকে ৪-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। তবে ২০১৮ সালে সেই হার সুদে-আসলে শোধ করে ৬-১ গোলের বড় জয় তুলে নেয় স্পেন।

এবারের বিশ্বকাপে ফাইনালে ওঠার পথে দুর্দান্ত ছন্দে ছিল আর্জেন্টিনা। আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান, কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড এবং ইংল্যান্ডসহ সব প্রতিপক্ষকেই হারিয়ে শিরোপা লড়াইয়ে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির দল।

অন্যদিকে স্পেনের যাত্রা শুরু হয়েছিল কেপ ভার্দের বিপক্ষে ড্র দিয়ে। এরপর সৌদি আরব, উরুগুয়ে, অস্ট্রিয়া, পর্তুগাল, বেলজিয়াম ও ফ্রান্সকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা।

র‌্যাঙ্কিং, মুখোমুখি লড়াই কিংবা এবারের আসরের পারফরম্যান্সে স্পেন ও আর্জেন্টিনার শক্তির পার্থক্য খুবই সামান্য। তাই বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়েরই প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *