মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সবশেষ

ফাইনালের আগে বিতর্ক ভুলে শুধু খেলায় মন দিতে বলেছিলেন মেসি, ভাইরাল ভিডিও ঘিরে জোর আলোচনা

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা দলের ড্রেসিংরুম থেকে বের হওয়ার মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে অধিনায়ক লিওনেল মেসির কয়েকটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষ করে তিনি সতীর্থদের উদ্দেশে ‘সবকিছু ভুলে যাও’ বলার পর থেকেই কৌতূহল বেড়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যম, বিশেষ করে টিওয়াইসি স্পোর্টস, ভিডিওটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, ড্রেসিংরুম ছাড়ার আগে মেসি দলের সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘সবাই শান্ত হও। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেন শান্ত থাকি।’

এরপরই তিনি আরও বলেন, ‘এসো সবকিছু ভুলে যাই। আমরা শুধু খেলি। চলো শুধু খেলায় মন দিই।’ মেসির এই বক্তব্যই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

ভিডিওতে দেখা যায়, বক্তব্য দেওয়ার সময় আর্জেন্টিনার খেলোয়াড়রা স্বাভাবিক ও শান্ত ছিলেন। তাই প্রশ্ন উঠেছে, ঠিক কোন বিষয়টি ভুলে যাওয়ার কথা বলছিলেন ৩৯ বছর বয়সী এই অধিনায়ক।

মেসি এ বিষয়ে কোনো ব্যাখ্যা না দিলেও ফাইনালের আগে আর্জেন্টিনা দলকে ঘিরে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। বিশেষ করে প্রতিপক্ষ স্পেনের পক্ষ থেকে রেফারিংয়ে আর্জেন্টিনা বাড়তি সুবিধা পাচ্ছে বলে অভিযোগ সামনে আনা হয়।

ফাইনালের আগে স্পেনের ডিফেন্ডার এমেরিক লাপোর্ত মন্তব্য করেছিলেন, সাম্প্রতিক কয়েকটি ম্যাচে এমন কিছু রেফারিং সিদ্ধান্ত দেখা গেছে, যা তাকে বিস্মিত করেছে। তার দাবি, আর্জেন্টিনার কিছু ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। লাপোর্তের ভাষ্য, প্রতিপক্ষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করার মতো আচরণ বড় টুর্নামেন্টে গ্রহণযোগ্য হওয়া উচিত নয়, কারণ এতে প্রতিপক্ষের মনোযোগ নষ্ট হয় এবং হতাশা তৈরি হয়।

নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে শেষ পর্যন্ত স্পেনের কাছে ১-০ গোলে হারে আর্জেন্টিনা। এই জয়ের মাধ্যমে ১৬ বছর পর আবারও বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নেয় স্পেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *