বাংলাদেশকে ঘিরে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর মানুষের মনোভাবে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় ভারতে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা অনেক কম। ভারতের মাত্র ২৫ শতাংশ মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখেন। বিপরীতে পাকিস্তানে এই হার ৬৬ শতাংশ এবং শ্রীলঙ্কায় ৫৬ শতাংশ।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে দক্ষিণ এশিয়ার চার দেশের মানুষের পারস্পরিক দৃষ্টিভঙ্গির এমন চিত্র উঠে এসেছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রাপ্তবয়স্কদের মধ্যে এ জরিপ চালানো হয়।
জরিপের ফলাফল বলছে, গত দুই বছরে প্রতিবেশী দেশগুলো সম্পর্কে মানুষের ধারণায় বেশ কিছু পরিবর্তন এসেছে। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের জনগণের পারস্পরিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তনটি তুলনামূলকভাবে বেশি স্পষ্ট।
পিউ রিসার্চের তথ্য অনুযায়ী, বাংলাদেশিদের মধ্যে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব ২০২৪ সালের তুলনায় ১৫ শতাংশ কমেছে। বর্তমানে ৪২ শতাংশ বাংলাদেশি ভারতের বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা জানিয়েছেন। বিপরীতে ৫১ শতাংশের দৃষ্টিভঙ্গি ইতিবাচক নয়।
২০২৪ সালের জরিপে বাংলাদেশে ভারতের বিষয়ে মতামত দিতে অনিচ্ছুক ছিলেন ২৪ শতাংশ মানুষ। এবারের জরিপে এই হার উল্লেখযোগ্যভাবে কমে ৭ শতাংশে দাঁড়িয়েছে।
বাংলাদেশিদের দৃষ্টিভঙ্গিতে শ্রীলঙ্কার অবস্থান অবশ্য আগের তুলনায় উন্নত হয়েছে। ২০২৪ সালের তুলনায় শ্রীলঙ্কার প্রতি ইতিবাচক মনোভাব ১৪ শতাংশ বেড়েছে। একই সময়ে শ্রীলঙ্কার জনগণের মধ্যেও বাংলাদেশের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে ভারতীয়দের মধ্যে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক মনোভাব ২০২৪ সালের তুলনায় ১০ শতাংশ কমেছে। জরিপে অংশ নেওয়া ভারতীয়দের ৪৮ শতাংশ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখেন না।
বাংলাদেশের প্রতি নেতিবাচক মনোভাবের ক্ষেত্রেও দেশভেদে বড় পার্থক্য রয়েছে। পাকিস্তানে ২২ শতাংশ এবং শ্রীলঙ্কায় ১৮ শতাংশ মানুষ বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বা ইতিবাচক নন বলে জানিয়েছেন। ভারতে এই হার ৪৮ শতাংশ।
মিত্র না হুমকি, দৃষ্টিভঙ্গিতে বড় পার্থক্য
প্রতিবেশীদের মধ্যে কোন দেশকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র মনে করা হয়, সেই প্রশ্নেও চার দেশের মানুষের উত্তরে ভিন্ন চিত্র পাওয়া গেছে।
শ্রীলঙ্কার ৬৩ শতাংশ মানুষ ভারতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে দেখেছেন। তবে বাংলাদেশ ও পাকিস্তানের ক্ষেত্রে চিত্র সম্পূর্ণ ভিন্ন। এই দুই দেশের জরিপে অংশ নেওয়া সংখ্যাগরিষ্ঠ মানুষ ভারতকে সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছেন।
পিউ রিসার্চের জরিপে সামগ্রিকভাবে যে বিষয়টি স্পষ্ট হয়েছে, তা হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সম্পর্ক নিয়ে সাধারণ মানুষের ধারণা স্থির নেই। ২০২৪ সালের তুলনায় চলতি সময়ে কয়েকটি দেশের প্রতি ইতিবাচক ও নেতিবাচক মনোভাবের উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। বিশেষ করে বাংলাদেশিদের ভারত সম্পর্কে দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং একই সময়ে শ্রীলঙ্কার প্রতি ইতিবাচকতা বৃদ্ধির বিষয়টি জরিপে আলাদাভাবে উঠে এসেছে।








