কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় নিহতদের পরিচয় নিয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ভারতীয় সংবাদমাধ্যমে নিহতদের মধ্যে ৮ জন বাংলাদেশি বলে দাবি করা হলেও, কলকাতায় বাংলাদেশ মিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খালেদ জানিয়েছেন, ওই ৮ জনের বাংলাদেশি নাগরিকত্ব এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশ ও দমকল বাহিনী। পরে হোটেল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ফায়ার সার্ভিসের বরাতে জানিয়েছে, নিহত ৯ জনের মধ্যে ৮ জন বাংলাদেশি এবং একজন ঝাড়খণ্ডের বাসিন্দা। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি নিহতরা চিকিৎসার উদ্দেশ্যে ভারতে অবস্থান করছিলেন। আগুনের ঘটনায় দগ্ধ আরও ৬ বাংলাদেশিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানানো হয়েছে।
তবে নিহতদের পরিচয় নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে কলকাতায় বাংলাদেশ মিশন। ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খালেদ সময় নিউজকে জানিয়েছেন, নিহত ৯ জনের মধ্যে একজনকে ঝাড়খণ্ডের বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। অন্য ৮ জনের পরিচয় এখনও নিশ্চিত হয়নি।
তার ভাষ্য অনুযায়ী, বাকি আটজন বাংলাদেশি নাগরিক হতে পারেন। তবে আনুষ্ঠানিকভাবে পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের বাংলাদেশি হিসেবে চূড়ান্তভাবে বলা যাচ্ছে না।
এদিকে অগ্নিকাণ্ডে আহত ছয় বাংলাদেশিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনায় নিহত ও আহতদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই-বাছাই চলছে।








