বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সবশেষ

বিদেশে প্রতারিত অভিবাসীদের দেশেও ভোগান্তি, সুরাহা হয়নি ৮৫ অভিযোগের ৫২টিই

বিদেশে কর্মসংস্থানের আশায় বিপুল অর্থ ব্যয় করে প্রতারণা, নির্যাতন কিংবা বেতনবঞ্চনার শিকার হচ্ছেন অনেক বাংলাদেশি অভিবাসী। দেশে ফিরে এসব ঘটনার প্রতিকার চাইতে গিয়ে আবারও পড়তে হচ্ছে প্রশাসনিক জটিলতায়। অভিযোগ জমা দিয়েও মিলছে না নির্ধারিত সময়ে শুনানির সুযোগ, হারিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নথি, আবার দীর্ঘ প্রক্রিয়া শেষে যে ক্ষতিপূরণ পাওয়া যাচ্ছে, তা অনেক ক্ষেত্রেই প্রকৃত ক্ষতির তুলনায় সামান্য।

অভিবাসী অধিকার নিয়ে কাজ করা সংগঠন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) এক গবেষণায় এমন চিত্র উঠে এসেছে। সংগঠনটির পর্যবেক্ষণ করা ৮৫টি অভিযোগের মধ্যে ৫২টিরই এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি। ২৮টি অভিযোগের সমাধান হয়েছে এবং পাঁচটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ওকাপের সহায়তা পাওয়া ৮৫ জন অভিবাসী কর্মীর অভিযোগ পর্যালোচনা করে গবেষণাটি করা হয়। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে গবেষণার ফলাফল প্রকাশ ও পরবর্তী করণীয় নিয়ে আয়োজিত পরামর্শ সভায় এসব তথ্য তুলে ধরার কথা রয়েছে।

গবেষণায় দেখা গেছে, বিদেশে প্রতারণা বা নির্যাতনের শিকার হওয়ার পর দেশে ফিরে অভিযোগ জানালেও প্রতিকার পাওয়ার পথ সহজ নয়। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তত্ত্বাবধানে পরিচালিত অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থায় রয়েছে নানা ধরনের সীমাবদ্ধতা।

গবেষণার তথ্য অনুযায়ী, ৮৫ জন অভিযোগকারীর মধ্যে ২৫ জন, অর্থাৎ ২৯ শতাংশকে কখনোই শুনানিতে ডাকা হয়নি। নির্ধারিত ৩০ কর্মদিবসের মধ্যে শুনানির সুযোগ পেয়েছেন মাত্র প্রতি পাঁচজনের একজন। ১০ জন অভিযোগকারী জানিয়েছেন, তাদের অভিযোগের নথি হারিয়ে যাওয়ায় পুনরায় আবেদন করতে হয়েছে।

শুনানির তারিখ জানিয়ে মাত্র ২২ শতাংশ অভিযোগকারী লিখিত নোটিশ পেয়েছেন। প্রায় অর্ধেককে ফোনে তারিখ জানানো হয়েছে। অন্যদিকে, পর্যবেক্ষণ শেষ হওয়া পর্যন্ত ৩০ শতাংশ অভিযোগকারী কোনো ধরনের নোটিশই পাননি।

অভিযোগগুলোর মধ্যে ৬৬টি জমা পড়েছিল জেলা পর্যায়ের জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে (ডেমো)। সরাসরি বিএমইটিতে জমা দেওয়া হয় ১৭টি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে করা হয় দুটি অভিযোগ। অভিযোগকারীদের মধ্যে ৫০ জন পুরুষ এবং ৩৫ জন নারী।

গবেষণায় অংশ নেওয়া কর্মীদের বিদেশযাত্রার আগের ও পরের অভিজ্ঞতাও উঠে এসেছে। বিদেশে যাওয়ার আগে লিখিত নিয়োগচুক্তি পাননি ৯১ শতাংশ কর্মী। পুরুষ কর্মীদের অর্ধেক জানিয়েছেন, গন্তব্য দেশে পৌঁছে তারা প্রতিশ্রুত কাজের সুযোগ পাননি। অন্যদিকে, জরিপে অংশ নেওয়া ৩৫ জন নারী কর্মীর সবাই বেতনসংক্রান্ত অনিয়মের শিকার হয়েছেন। তাদের ৭৭ শতাংশ শারীরিক নির্যাতনের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন।

হারিয়ে যাওয়া ফাইল, আটকে থাকা প্রতিকার
সৌদি আরবে দুই বছরের বেশি সময় গৃহকর্মীর কাজ করেছেন মাজেদা। ২০২৫ সালে দেশে ফেরার সময় তার পাঁচ মাসের বেতন বকেয়া ছিল। প্রতিদিন দীর্ঘ সময় কাজ করতে হতো তাকে। কোনো কোনো দিন কাজের সময় ২১ ঘণ্টা পর্যন্ত গড়াত। অসুস্থ থাকলেও মাসের পর মাস কাজ চালিয়ে যেতে হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি বলে অভিযোগ তার।

২০২২ সালের শেষ দিকে মুন্সিগঞ্জ থেকে সৌদি আরবে যেতে মাজেদার ব্যয় হয়েছিল প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। অথচ নিয়ম অনুযায়ী, গৃহকর্মী নিয়োগের খরচ বহন করার দায়িত্ব নিয়োগকর্তার। সে সময় এ নিয়ম সম্পর্কে জানতেন না তিনি।

বকেয়া বেতন ও অন্যান্য অনিয়মের প্রতিকার চেয়ে চলতি বছরের শুরুতে সরকারি অভিযোগ নিষ্পত্তি সেলে আবেদন করেন মাজেদা। কিন্তু আবেদন করার প্রায় ১০ মাস পর তাকে জানানো হয়, তার ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। নতুন করে আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

মাজেদা বলেন, ‘তারা আমাকে জানিয়েছে, আমার আবেদনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার নতুন করে আবেদন করতে হবে।’ শুনানিতে অংশ নিলেও নিয়োগকারী এজেন্সির কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত হননি বলে জানান তিনি। স্থানীয় ডেমো অফিসে একাধিকবার যোগাযোগ করেও ক্ষতিপূরণ পাননি।

ওকাপের পর্যবেক্ষণে মাজেদার অভিযোগের আরও গুরুতর দিক উঠে এসেছে। সংগঠনটির তথ্য অনুযায়ী, সৌদি আরবে নিয়োগকর্তার বাড়িতে তাকে আটকে রাখা হয়েছিল। পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি এবং তার পাসপোর্টও কেড়ে নেওয়া হয়েছিল।

প্রতিশ্রুত চাকরি না পেয়ে ঋণের বোঝা
বিদেশে যাওয়ার আগে দেওয়া প্রতিশ্রুতি আর বাস্তবে পাওয়া কাজের মধ্যে বড় ধরনের পার্থক্যের শিকার হয়েছেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৪৬ বছর বয়সী জাহিদুল ইসলামও।

ওকাপকে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে কম্বোডিয়ায় যাওয়ার জন্য তিনি ব্যয় করেন ৫ লাখ ৫০ হাজার টাকা। সেখানে গিয়ে দেখেন, তাকে যে কাজের কথা বলা হয়েছিল, সেই কাজের কোনো সুযোগই নেই। পরিবর্তে কম বেতনে নির্মাণশ্রমিক হিসেবে কাজ দেওয়া হয়। দুই মাস পর সেই কাজও বন্ধ হয়ে যায়।

গত মার্চে দেশে ফিরে একটি সাবান উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন জাহিদুল। বিদেশযাত্রায় হওয়া ক্ষতির ক্ষতিপূরণ চেয়ে মানিকগঞ্জ ডেমো অফিসে ৬ লাখ টাকা দাবি করেন। কিন্তু দুই দফা শুনানি হলেও তার অভিযোগের নিষ্পত্তি হয়নি।

ওকাপের নথিতে নিজের অভিজ্ঞতা তুলে ধরে জাহিদুল বলেন, ‘যে কাজের কোনো অস্তিত্বই ছিল না, সেই কাজের জন্য আমার সবকিছু খরচ করেছি। এখনো ন্যায়বিচারের অপেক্ষায় আছি।’

শুধু অভিযোগ নিষ্পত্তির দীর্ঘসূত্রতা নয়, ক্ষতিপূরণের পরিমাণ নিয়েও প্রশ্ন তুলেছে ওকাপ। সংগঠনটির প্রতিবেদনে বলা হয়েছে, নিষ্পত্তি হওয়া ২৮টি অভিযোগের অর্ধেক ক্ষেত্রে কর্মীরা ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেয়েছেন। অভিযোগ নিষ্পত্তি হওয়া আটজন নারী কর্মীর মধ্যে পাঁচজনের প্রাপ্ত ক্ষতিপূরণের পরিমাণ ছিল ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা। বিদেশে যেতে ব্যয়, ঋণ, বকেয়া বেতন ও নির্যাতনের কারণে হওয়া ক্ষতির তুলনায় এসব অর্থ খুবই সামান্য।

অভিযোগ নিষ্পত্তিতে ক্ষমতার অসমতা
ওকাপের চেয়ারম্যান শাকিরুল ইসলামের মতে, বর্তমান অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়ার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো এটি মূলত অভিবাসী কর্মী ও নিয়োগকারী এজেন্সির পারস্পরিক সমঝোতার ওপর নির্ভরশীল। এ ব্যবস্থায় আইনগতভাবে বাধ্যতামূলক সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, নিয়োগকারী এজেন্সিগুলোর হাতে অনেক ক্ষমতা থাকলেও অভিবাসী কর্মীদের বড় অংশ দরিদ্র এবং প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা। ফলে দুই পক্ষের মধ্যে ক্ষমতার ভারসাম্য নেই।

শাকিরুলের অভিযোগ, নিয়োগকারী এজেন্সিগুলো অনেক সময় শুনানিতে উপস্থিত হয় না। কিন্তু অনুপস্থিতির কারণে তাদের বিরুদ্ধে কার্যকর কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না। অন্যদিকে, কর্মীদের এমন সমঝোতায় রাজি হতে চাপ দেওয়া হয়, যেখানে বিদেশযাত্রার খরচ, বকেয়া বেতন, ঋণ ও অন্যান্য আর্থিক ক্ষতির যথাযথ হিসাব থাকে না।

কাগজপত্রের অভাবে তদন্তে জটিলতা
অভিযোগ নিষ্পত্তিতে বিলম্বের কারণ হিসেবে প্রয়োজনীয় নথিপত্রের ঘাটতি ও শুনানিতে সংশ্লিষ্ট পক্ষের অনুপস্থিতির কথা জানিয়েছেন মানিকগঞ্জ ডেমোর সহকারী পরিচালক আওলাদ হোসেন।

তিনি বলেন, অনেক অভিযোগের ক্ষেত্রে একাধিকবার শুনানির প্রয়োজন হয়। কখনো কোনো পক্ষ উপস্থিত থাকে না, আবার কখনো অভিযোগকারীদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র থাকে না। এতে তদন্ত ও নিষ্পত্তির কাজ কঠিন হয়ে পড়ে।

আওলাদ হোসেনের ভাষ্য, অধিকাংশ অভিযোগকারী তাদের দাবির পক্ষে পর্যাপ্ত নথি দিতে পারেন না। তবে ৩০ দিনের মধ্যে অভিযোগ নিষ্পত্তির চেষ্টা করা হয়।

তিনি জানান, বর্তমানে অনলাইনেও অভিযোগ জমা দেওয়ার সুযোগ রয়েছে। গত মাসে তার কার্যালয় ক্ষতিপূরণ আদায়ের মাধ্যমে চারটি অভিযোগ নিষ্পত্তি করেছে। আরও আটটি অভিযোগের তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। কিছু অভিযোগ জেলা পর্যায়েই সমাধান করা হয়, আর অন্যগুলো ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

তবে এ যুক্তির সঙ্গে একমত নন শাকিরুল ইসলাম। তার মতে, অভিবাসী কর্মীদের নিয়োগকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরই প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ এবং সরবরাহের আইনগত দায়িত্ব রয়েছে। ফলে কর্মীদের কাছে নথি না থাকার কারণে তাদের প্রতিকার পাওয়ার অধিকার ক্ষুণ্ন হওয়া উচিত নয়।

দাপ্তরিক জট ও অনিয়মের অভিযোগ
অভিযোগ নিষ্পত্তিতে ধীরগতির বিষয়টি স্বীকার করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি জানান, প্রতিদিন ব্যক্তিগতভাবে ১৫ থেকে ২৫টি আবেদন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠান। তার মাধ্যমে সরাসরি পাঠানো অভিযোগগুলো তুলনামূলক দ্রুত নিষ্পত্তি হয়।

প্রতিমন্ত্রী বলেন, কিছু আবেদন সংশ্লিষ্ট দপ্তরে আটকে থাকে। এমনকি অনানুষ্ঠানিকভাবে টাকা না দিলে কোনো কোনো আবেদন সামনে এগোয় না, এমন ঘটনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট অভিযোগ বা সংশ্লিষ্ট কর্মকর্তার নাম প্রকাশ করেননি।

তিনি বলেন, ‘একটা সংগঠন যখন এসব তথ্য প্রকাশ করেছে, তখন এর মধ্যে নিশ্চয়ই কিছু সত্যতা আছে। এসব তথ্য কাজে লাগিয়ে আমরা আমাদের কাজের গতি বাড়াতে পারি।’

অন্যদিকে, বিদেশে কর্মরত বাংলাদেশিদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বিদেশে আইনি ও কর্মসংস্থানসংক্রান্ত সমস্যায় পড়া কর্মীদের সহায়তায় সরকার ইতোমধ্যে মালয়েশিয়ায় একটি আইনি প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে। সৌদি আরবেও একই ধরনের ব্যবস্থা চালুর কাজ চলছে।

তার মতে, পর্যায়ক্রমে যেসব দেশে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি কর্মী কাজ করেন, সেসব দেশে আইনি সহায়তা দেওয়ার জন্য প্রতিষ্ঠান নিয়োগ করা হবে। এতে প্রবাসী কর্মীদের ন্যায়বিচার পাওয়ার সুযোগ বাড়বে।

স্বাধীন ট্রাইব্যুনাল গঠনের সুপারিশ
অভিবাসী কর্মীদের অভিযোগ নিষ্পত্তির বর্তমান ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেছে ওকাপ। এ জন্য বিএমইটিতে অভিযোগ নিষ্পত্তির জন্য পৃথক বিভাগ গঠন, ক্ষতিপূরণ নির্ধারণে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং পর্যায়ক্রমে অভিবাসী কর্মীদের জন্য স্বাধীন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার সুপারিশ করেছে সংগঠনটি।

ওকাপের মতে, শুধু অভিযোগ গ্রহণ ও সমঝোতার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। প্রস্তাবিত ট্রাইব্যুনালের সিদ্ধান্ত আইনগতভাবে বাধ্যতামূলক হতে হবে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নের কার্যকর ক্ষমতাও থাকতে হবে।

এর আগে, রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) গবেষণাতেও অভিবাসন খাতে প্রতারণার ব্যাপকতা উঠে এসেছিল। ২০২৫ সালে প্রকাশিত ওই গবেষণায় টাঙ্গাইলের ২ হাজার ১৫৫টি অভিবাসী পরিবারের ওপর জরিপ চালিয়ে দেখা যায়, ৫১ শতাংশ পরিবার বিদেশে কর্মসংস্থানের জন্য গিয়ে প্রতারণার শিকার হয়েছে। প্রতারণা, মৃত্যু, কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও অন্যান্য অভিযোগের ১২১টি ঘটনায় সহায়তা করে দুই কোটির বেশি টাকা ক্ষতিপূরণ আদায় করতে পেরেছিল সংগঠনটি।

রামরুর আরেক জরিপে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দেশে ফিরে আসা ২১৮ জন অভিবাসী কর্মীর অভিজ্ঞতা বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, তাদের ৭৪ শতাংশ অর্থনৈতিক সংকটে পড়েছেন এবং ১৫ শতাংশ মানসিক অস্থিরতার মধ্য দিয়ে গেছেন।

এসব গবেষণার তথ্য বলছে, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা শুধু কর্মীদের আর্থিক ক্ষতিতেই সীমাবদ্ধ থাকছে না; দেশে ফেরার পরও দীর্ঘদিন ধরে এর প্রভাব বহন করতে হচ্ছে তাদের। তাই প্রতিকার ব্যবস্থাকে সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কর্মীদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার বিষয়টিও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *