ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত থাকলে পাকিস্তানকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি ইঙ্গিত দেন, পরিস্থিতি বদল না হলে পাকিস্তানের অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে।
শনিবার (১৬ মে) দিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত ‘ইউনিফর্ম আনভেইলড’ শীর্ষক এক ইন্টারঅ্যাকটিভ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে অপারেশন সিঁদুরের মতো পরিস্থিতি আবার তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে, এমন প্রশ্নের জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, পাকিস্তানকে সিদ্ধান্ত নিতে হবে তারা আন্তর্জাতিক মানচিত্রে রাষ্ট্র হিসেবে টিকে থাকতে চায়, নাকি ইতিহাসের অংশ হয়ে যেতে চায়।
তিনি বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে তৎপরতা চালিয়ে যাওয়ার নীতি থেকে সরে না আসে, তাহলে এর পরিণতি ভয়াবহ হতে পারে।
‘সেনা সংবাদ’ শীর্ষক ওই আয়োজনে ভারতীয় সেনাপ্রধান সন্ত্রাসবাদবিরোধী অবস্থানে নয়াদিল্লির কঠোর নীতির কথাও পুনর্ব্যক্ত করেন। তার বক্তব্যে পাকিস্তানের প্রতি স্পষ্ট কড়া বার্তা উঠে আসে।
গত বছরের ৭ মে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান শুরু করে। নয়াদিল্লির দাবি ছিল, কাশ্মীরের পাহেলগামে প্রাণঘাতী হামলার জবাবে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে নির্ভুল হামলা চালানো হয়।
এর পাল্টা জবাবে পাকিস্তানও সামরিক পদক্ষেপ নেয়। দুই দেশের মধ্যে প্রায় ৮৮ ঘণ্টা ধরে সংঘাত চলার পর ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়।








