বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সবশেষ

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

জোরপূর্বক শ্রম বন্ধে নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ দেশগুলোর বিরুদ্ধে বাণিজ্যিক পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবিত এই ব্যবস্থার আওতায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

বুধবার (৩ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্স জানায়, শ্রম অধিকার ও কর্মপরিবেশ সংক্রান্ত শর্ত পূরণ না করা প্রায় ৬০টি অর্থনীতির বিরুদ্ধে শাস্তিমূলক শুল্ক আরোপের সুপারিশ করেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিস (ইউএসটিআর)।

প্রস্তাবে বলা হয়েছে, যেসব দেশ জোরপূর্বক শ্রম বা ফোর্সড লেবার প্রতিরোধে কার্যকর অগ্রগতি দেখাতে পারেনি, তাদের বিরুদ্ধে বাণিজ্যিক চাপ প্রয়োগের অংশ হিসেবে অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কয়েকটি দেশের ক্ষেত্রে প্রস্তাবিত শুল্কহার ১২ দশমিক ৫ শতাংশেরও বেশি হতে পারে। আর বাংলাদেশের জন্য নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের মতে, শ্রমমান উন্নয়ন এবং জোরপূর্বক শ্রমের ব্যবহার বন্ধে আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থ দেশগুলোর ক্ষেত্রে এ ধরনের পদক্ষেপ প্রয়োজন। প্রস্তাবটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট দেশগুলোর যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের ওপর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *