বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনা দলের সব মনোযোগ ছিল মাঠের লড়াইয়ে। তবে সংবাদ সম্মেলনের শেষ মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে বাংলাদেশ। হাজার মাইল দূরের এই দেশের সমর্থকদের অকৃত্রিম ভালোবাসার কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি।
আটলান্টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইংল্যান্ড দলের সংবাদ সম্মেলন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শেষ হওয়ায় আর্জেন্টিনার সংবাদ সম্মেলনও প্রায় ৩০ মিনিট বিলম্বে শুরু হয়। প্রায় আধ ঘণ্টার সেই আয়োজনে শেষ প্রশ্নটি করেন বাংলাদেশের এক সাংবাদিক।
প্রশ্নটি ছিল না কৌশল, একাদশ কিংবা প্রতিপক্ষকে নিয়ে। বরং জানতে চাওয়া হয় বাংলাদেশে আর্জেন্টিনার বিপুল সমর্থন নিয়ে স্ক্যালোনির অনুভূতির কথা।
উত্তরে আর্জেন্টাইন কোচ বলেন, বাংলাদেশ থেকে যেভাবে মানুষ আমাদের সমর্থন করে, তা সত্যিই আমাদের বিস্মিত করে। সেখানে অসংখ্য মানুষ আর্জেন্টিনার জার্সি পরে। এটি দারুণ একটি অনুভূতি এবং খুবই সুন্দর বিষয়। আশা করি আগামীকাল আমরা তাদের জন্য আনন্দের কিছু উপহার দিতে পারব।
বাংলাদেশে আর্জেন্টিনার জনপ্রিয়তা দীর্ঘদিনের। প্রতিটি বিশ্বকাপেই দেশের বিভিন্ন অঞ্চলে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের উৎসবমুখর পরিবেশ চোখে পড়ে। তবে ২০২২ সালের কাতার বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাস আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপকভাবে আলোচিত হয়। সে সময়ও বাংলাদেশি সমর্থকদের আবেগ ও ভালোবাসার প্রশংসা করেছিলেন স্ক্যালোনি।
চলমান যুক্তরাষ্ট্র বিশ্বকাপেও বাংলাদেশের নাম বারবার উঠে আসছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবল পরাশক্তির শিবিরে। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারেসও বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাস ও ভালোবাসার কথা আলাদাভাবে উল্লেখ করেছেন।








