সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৩ হাজার ৯০৫ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সময়ে ৭ হাজার ৯৩৪ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের বরাতে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৫৫৪ জন আবাসন আইন, ৩ হাজার ৮৬৫ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৪৮৬ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ধরা পড়েছেন।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৮৮১ জনকে আটক করা হয়েছে। অনুমতি ছাড়া সীমান্ত অতিক্রম করে দেশ ছাড়ার চেষ্টা করায় আটক হয়েছেন আরও ২২ জন।
আইন লঙ্ঘনকারীদের সহায়তার অভিযোগেও ব্যবস্থা নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এ ধরনের অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের পরিবহন, আশ্রয় ও কর্মসংস্থানের ব্যবস্থা করা কিংবা তাদের তথ্য গোপন করে সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে।
আইনি প্রক্রিয়ায় ৩৭ হাজারের বেশি বিদেশি
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বর্তমানে দেশটিতে ৩৭ হাজার ৬১৮ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে পুরুষ ৩৫ হাজার ৪৪৯ জন এবং নারী ২ হাজার ১৬৯ জন।
ফেরত পাঠানোর প্রক্রিয়া এগিয়ে নিতে ২০ হাজার ২৫২ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এ ছাড়া ৬ হাজার ৫৫৫ জনের বিমানযাত্রাসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে মোট ৭ হাজার ৯৩৪ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে কোন দেশের কতজন নাগরিক রয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।








