চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬.৭১ শতাংশ। ২০২৫ সালে এ পরীক্ষায় পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। তবে পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
গত ২ জুলাই শুরু হয় চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।
যেভাবে জানা যাবে ফল
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অনলাইনে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।
ফলাফল জানতে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটেও প্রবেশ করা যাবে। ওয়েবসাইট দুটি হলো,
- https://eduboardresults.gov.bd
- https://educationboardresults.gov.bd
এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য ফলাফল সংগ্রহের ক্ষেত্রে ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। এরপর প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করা যাবে।








