শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সবশেষ

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা, অতিরিক্ত অর্থ আদায় নিষিদ্ধ

মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত এই ফির বাইরে কোনো মেডিকেল সেন্টার অতিরিক্ত অর্থ আদায় করতে পারবে না। একই সঙ্গে মেডিকেল পরীক্ষা করাতে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করার জন্য কর্মীদের সতর্ক করেছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, মালয়েশিয়াগামী সাধারণ কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সর্বোচ্চ ৮ হাজার টাকা দিতে হবে। কোনো অবস্থাতেই এই ফির বেশি অর্থ পরিশোধ না করার জন্য কর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

যেকোনো অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষা

মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করতে পারবে না।

এ ছাড়া, কোনো রিক্রুটিং এজেন্সি মেডিকেল স্লিপ ইস্যু করার পর সংশ্লিষ্ট কর্মী অন্য কোনো এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে দ্রুত মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো অজুহাত বা আপত্তি গ্রহণযোগ্য হবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

অতিরিক্ত ফি নিলে মন্ত্রণালয়ে অভিযোগ

মেডিকেল পরীক্ষার জন্য নির্ধারিত ৮ হাজার টাকার বেশি অর্থ দাবি, হয়রানি, তালবাহানা কিংবা অন্য কোনো ধরনের অনিয়মের শিকার হলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর আহ্বান জানানো হয়েছে।

অভিযোগ পাঠানোর জন্য মন্ত্রণালয়ের ই-মেইল ঠিকানা: secretary@probashi.gov.bd।

নির্দেশনায় আরও জানানো হয়েছে, মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার জন্য মাইগ্রামস (MIGRAMS) স্লিপ নিতে কোনো ফি দিতে হবে না।

অনিয়মে কঠোর ব্যবস্থা

মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরীক্ষা করবে মন্ত্রণালয়। কোনো ধরনের অনিয়ম বা গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি মানসম্পন্ন, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *