সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সবশেষ

ইউরোপের ৪ দেশে মাস্টার্সের সুযোগ, বাংলাদেশিরা পাবেন টিউশন ফি ছাড়সহ মাসিক ভাতা

ইউরোপের চারটি দেশে পড়াশোনার পাশাপাশি সম্পূর্ণ বৃত্তি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ইরাসমাস মুন্ডাসের ‘গ্লোবাল মাইন্ডস’ প্রোগ্রামের ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। দুই বছর মেয়াদি এ স্নাতকোত্তর প্রোগ্রামে আয়ারল্যান্ড, পর্তুগাল, পোল্যান্ড ও নরওয়ের চারটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা।

এ বৃত্তির আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি দিতে হবে না। পাশাপাশি যাতায়াত, স্বাস্থ্যবিমা, ভিসাসংক্রান্ত ব্যয় এবং জীবনযাত্রার খরচ মেটাতে মাসিক ভাতাও দেওয়া হবে। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশিরাও আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কোনো ফি লাগবে না।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স (ইএমজেএম) কর্মসূচির অংশ হিসেবে এ বৃত্তি দেওয়া হচ্ছে। প্রোগ্রামটির পূর্ণ নাম ‘সাইকোলজি অব গ্লোবাল মোবিলিটি, ইনক্লুশন অ্যান্ড ডাইভারসিটি ইন সোসাইটি’। সংক্ষেপে এটি ‘গ্লোবাল মাইন্ডস’ নামে পরিচিত।

ইংরেজি মাধ্যমে পরিচালিত এ কোর্সে সামাজিক ও সাংস্কৃতিক মনোবিজ্ঞানের বিভিন্ন তত্ত্বের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে। অভিবাসন, সামাজিক অন্তর্ভুক্তি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় পড়ানো হবে। পাঠ্যক্রমের অংশ হিসেবে বাধ্যতামূলক ইন্টার্নশিপও সম্পন্ন করতে হবে।

চার দেশের চার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
গ্লোবাল মাইন্ডস প্রোগ্রামে ইউরোপের চারটি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। এগুলো হলো,

১. ইউনিভার্সিটি অব লিমেরিক (ইউএল), আয়ারল্যান্ড।

২. ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব লিসবন (আইএসসিটিই), পর্তুগাল।

৩. এসডব্লিউপিএস ইউনিভার্সিটি, পোল্যান্ড।

৪. ইউনিভার্সিটি অব অসলো (ইউআইও), নরওয়ে।

যেসব সুবিধা পাবেন বৃত্তিপ্রাপ্তরা

এ বৃত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের পড়াশোনা ও ইউরোপে অবস্থানের জন্য বিভিন্ন খরচ বহন করা হবে। সুবিধাগুলোর মধ্যে রয়েছে,

সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
স্বাস্থ্যবিমা ও প্রয়োজনীয় অন্যান্য বিমা।
যাতায়াতের খরচ।
ভিসা-সংক্রান্ত ব্যয়।
জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য মাসিক ভাতা।

এ ছাড়া আবেদন করার জন্য কোনো ফি দিতে হবে না।

দুই বছরে চার দেশের শিক্ষাব্যবস্থার অভিজ্ঞতা
প্রোগ্রামটির মেয়াদ দুই বছর। প্রথম বছরের প্রথম সেমিস্টারে শিক্ষার্থীদের পর্তুগাল অথবা পোল্যান্ডের যেকোনো একটি দেশে পড়াশোনা করতে হবে। পরবর্তী সেমিস্টারে যাওয়ার সুযোগ থাকবে আয়ারল্যান্ড অথবা নরওয়েতে।

দ্বিতীয় বছরটি মূলত ইন্টার্নশিপ ও গবেষণাভিত্তিক থিসিসের জন্য নির্ধারিত। সাধারণত তৃতীয় সেমিস্টারে ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে অংশগ্রহণকারী চারটি বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটিতে অথবা সংশ্লিষ্ট অন্য কোনো প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে।

আবেদনের যোগ্যতা
বিশ্বের যেকোনো দেশের নাগরিক এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে সমমানের ডিগ্রি থাকতে হবে।

স্নাতকের শেষ বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট, অধ্যয়নরত থাকার প্রমাণপত্র এবং সম্ভাব্য স্নাতক সম্পন্নের তারিখ উল্লেখ করে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। তবে চূড়ান্তভাবে নির্বাচিত হলে ভর্তির আগে স্নাতক ডিগ্রির সনদ জমা দেওয়া বাধ্যতামূলক।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
অনলাইনে আবেদন করার সময় কয়েকটি প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। সেগুলো হলো,

১. পূরণ করা অনলাইন আবেদন ফরম।

২. একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

৩. শিক্ষাগত যোগ্যতার সনদ।

৪. ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র।

৫. অধ্যয়নরত থাকার প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

৬. পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদ।

৭. ইউরোপাস ফরম্যাটে তৈরি হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)।

যেভাবে আবেদন করবেন
আগ্রহীদের নির্ধারিত অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। এ জন্য কোনো আবেদন ফি প্রয়োজন হবে না। আবেদনকারীদের জমা দেওয়া তথ্য ও শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের পর ই-মেইলের মাধ্যমে ফল জানানো হবে। প্রাথমিক যাচাইয়ে যোগ্য বিবেচিত প্রার্থীদের পরবর্তী ধাপে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হবে।

আবেদনের লিংক: https://surl.li/tkzyve

আবেদনের শেষ সময়: ২৭ ফেব্রুয়ারি ২০২৭।

ইউরোপে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এটি একটি উল্লেখযোগ্য সুযোগ। বিশেষ করে মনোবিজ্ঞান ও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা যাচাই করে আবেদন করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *