সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সবশেষ

চীনের সরকারি বৃত্তিতে আবেদনের সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের

চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের (সিজিএস) আওতায় টাইপ-এ ক্যাটাগরিতে আবেদন গ্রহণের ঘোষণা দিয়েছে চীন সরকার। এ বৃত্তির মাধ্যমে স্নাতক থেকে শুরু করে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ মিলবে। আবেদনের শেষ সময় ১০ জানুয়ারি ২০২৭।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এক বার্তায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির এ সুযোগের কথা জানিয়েছে।

যেসব প্রোগ্রামে মিলবে বৃত্তি
চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের আওতায় একাধিক শিক্ষাস্তরে আবেদন করতে পারবেন আগ্রহীরা। এর মধ্যে রয়েছে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রাম। পাশাপাশি জেনারেল স্কলার এবং সিনিয়র স্কলার ক্যাটাগরিতেও আবেদনের সুযোগ রাখা হয়েছে।

এই বৃত্তির অন্যতম আকর্ষণ হলো, নির্বাচিত শিক্ষার্থীদের পড়াশোনার খরচের পাশাপাশি আবাসন ও চিকিৎসাসংক্রান্ত সুবিধাও দেওয়া হবে। বৃত্তির আওতায় টিউশন ফি, আবাসন এবং চিকিৎসা বিমার ব্যবস্থা থাকবে।

আবেদন করবেন যেভাবে
আগ্রহী ও যোগ্য বাংলাদেশি শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় নির্দেশনা এবং বৃত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের নির্ধারিত ওয়েবসাইটে।

আবেদনের ওয়েবসাইট: www.campuschina.org

আবেদনের শেষ সময় ১০ জানুয়ারি ২০২৭। তাই চীনে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের শেষ সময়ের অপেক্ষা না করে প্রয়োজনীয় তথ্য যাচাই করে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *