বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সবশেষ

নিরাপত্তা শঙ্কায় গোপালগঞ্জে বন্ধ ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দও

গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকা ট্রেন চলাচল ও পুড়িয়ে দেওয়া দুটি থানার কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে না সরকার। একই সঙ্গে জেলার বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত সরকারি বরাদ্দের একটি কিস্তির অর্থ ছাড়ও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সূত্র বলছে, সম্ভাব্য নাশকতা ও নিরাপত্তাঝুঁকি বিবেচনায় আপাতত এসব বিষয়ে ধীরগতিতে এগোতে চায় সরকার।

গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে গোপালগঞ্জের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেলপথ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় রেল চলাচল শুরুর উদ্যোগ নেওয়া হবে।

শুধু রেল যোগাযোগ নয়, আগুনে ক্ষতিগ্রস্ত টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও এখনই স্বাভাবিক হচ্ছে না। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে থানাগুলো পুনরায় চালুর অনুরোধ জানানো হলেও সংস্কার ও প্রয়োজনীয় প্রস্তুতির জন্য আরও সময় প্রয়োজন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আপাতত ওই দুই থানার কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালনা করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে পুড়ে যাওয়া থানা দুটি সংস্কারের কাজ শুরু হবে। তবে কবে নাগাদ থানাগুলোতে আগের মতো কার্যক্রম চালু করা সম্ভব হবে, তা এখনো নির্ধারিত হয়নি।

স্থগিত থাকবে সরকারি বরাদ্দের অর্থ
গোপালগঞ্জে সরকারি সেবার পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করা অর্থ ছাড়ের ক্ষেত্রেও সিদ্ধান্ত নিয়েছে সরকার। একাধিক সরকারি সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জন্য নির্ধারিত অর্থের তৃতীয় কিস্তি গোপালগঞ্জে আপাতত দেওয়া হবে না।

সাধারণত এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে বছরে চার কিস্তিতে অর্থসহায়তা দেওয়া হয়। তবে গোপালগঞ্জের ক্ষেত্রে জানুয়ারি থেকে মার্চ সময়ের কিস্তির অর্থ ছাড় স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী পরিস্থিতি বিবেচনায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব। পুড়িয়ে দেওয়া দুই থানার পুলিশ সদস্যরা এখনো গোপালগঞ্জেই কর্মরত আছেন। তবে থানাগুলোর কার্যক্রম কবে নাগাদ পুনরায় চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাননি তিনি।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির বলেন, পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ এখনো শুরু হয়নি। এ জন্য কিছুটা সময় লাগবে। একইভাবে ট্রেন চলাচলও এখনো বন্ধ রয়েছে। রেলসেবা পুনরায় চালু হতে আরও সময় প্রয়োজন।

১৫ নভেম্বরের সহিংসতার পর বন্ধ যোগাযোগ
গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মিছিলে লগি-বইঠা, রামদা ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র দেখা যায়। ওই দিনের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) পুড়িয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় পুলিশ বক্স। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ক্ষতিগ্রস্ত করা হয়।

পরবর্তী সময়ে বিএনপির স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পাশাপাশি দুটি থানায় আগুন দেওয়া হয়। এসব ঘটনার পর ১৫ নভেম্বর থেকেই গোপালগঞ্জের সঙ্গে অন্যান্য জেলার রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।

এরপর ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। সেই থেকে থানা দুটির স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে স্থানীয় বাসিন্দারা সাধারণ ডায়েরি (জিডি) করা কিংবা মামলা দায়েরের মতো প্রয়োজনীয় পুলিশি সেবা পেতে ভোগান্তিতে পড়েছেন।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ২৩ নভেম্বর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের পুরোনো লঞ্চঘাট এলাকার গোলচত্বরে সংঘর্ষ হয়। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।

আন্দোলন মোকাবিলায় বলপ্রয়োগ না করার অবস্থান
এদিকে ভবিষ্যতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মসূচিকে কেন্দ্র করে সরকার বলপ্রয়োগের পথে যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা। তাঁর ভাষ্য, এ ধরনের পরিস্থিতিতে মারণাস্ত্রও ব্যবহার করা হবে না। এটিই সরকারের বর্তমান অবস্থান।

ওই কর্মকর্তা আরও জানান, ভবিষ্যতে কেউ গাছ কেটে সড়ক অবরোধ করলেও কিংবা কারও বাড়িঘরে হামলার ঘটনা ঘটলেও সরকারের অবস্থানে পরিবর্তন আসবে না।

বন্ধ পাঁচ ট্রেনে দুর্ভোগে যাত্রীরা
রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গোপালগঞ্জে প্রতিদিন পাঁচটি ট্রেন চলাচল করত। ১৫ নভেম্বরের ঘটনার পর থেকে সব কটি ট্রেনের চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে রয়েছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, অভিযাত্রী কমিউটার, রূপসী বাংলা, জাহানাবাদ এক্সপ্রেস ও ভাটিয়াপাড়া এক্সপ্রেস।

বন্ধ হওয়ার আগে টুঙ্গিপাড়া এক্সপ্রেস প্রতিদিন সকাল ছয়টায় গোপালগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যেত। রাত সাড়ে ১০টার মধ্যে রাজশাহী থেকে আবার গোপালগঞ্জে ফিরত।

অভিযাত্রী কমিউটার ট্রেন ঢাকা থেকে গোপালগঞ্জে দিনে একবার যাতায়াত করত। রূপসী বাংলা চলাচল করত ঢাকা থেকে গোপালগঞ্জের কাশিয়ানী হয়ে যশোরের বেনাপোল পর্যন্ত। অন্যদিকে জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা থেকে কাশিয়ানী হয়ে খুলনা পর্যন্ত চলাচল করত। আর ভাটিয়াপাড়া এক্সপ্রেস ফরিদপুরের ভাঙ্গা থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া রেলস্টেশন পর্যন্ত যাত্রী পরিবহন করত।

ট্রেন চলাচল বন্ধ থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিয়মিত যাত্রীরা। স্থানীয় অনেকের কাছে বাসের তুলনায় ট্রেন যাতায়াতের সাশ্রয়ী মাধ্যম। বিশেষ করে ঢাকায় যাতায়াতের ক্ষেত্রে ট্রেনে সময় ও খরচ দুটোই তুলনামূলক কম লাগে। এ কারণে রেলসেবা চালুর জন্য স্থানীয়দের কেউ কেউ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগও করছেন।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গোপালগঞ্জে ট্রেন চলাচল পুনরায় শুরুর বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আপাতত ট্রেন চালু না করার পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচিকে ঘিরে নতুন করে হামলা, ভাঙচুর কিংবা সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে। সে কারণে জেলার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকা রেল যোগাযোগ, থানার কার্যক্রম ও অন্যান্য সরকারি সেবা চালুর সম্ভাবনা কম। তথ্যসূত্র: প্রথম আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *