বিদেশে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় আহত কিংবা গুরুতর অসুস্থ হয়ে দেশে ফিরতে বাধ্য হওয়া প্রবাসী কর্মীদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দিচ্ছে সরকার। এ সহায়তা প্রদান করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
বোর্ডের এ উদ্যোগের আওতায় বিদেশফেরত অসুস্থ ও দুর্ঘটনায় আহত কর্মীরা চিকিৎসার ব্যয় নির্বাহে আর্থিক সহযোগিতা পেতে পারেন। তবে এ সুবিধা পেতে দেশে ফেরার এক বছরের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী কর্মীরা অনলাইনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রবাসী কল্যাণ সেন্টারে যোগাযোগ করেও আবেদন জমা দেওয়ার সুযোগ রয়েছে।
আবেদনের সঙ্গে যেসব নথি লাগবে
আর্থিক সহায়তা পাওয়ার জন্য আবেদনকারীর প্রয়োজন হবে কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজপত্র। এগুলো হলো,
১. বিএমইটির বহির্গমন ছাড়পত্র অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদের প্রমাণপত্র।
২. পাসপোর্টের বহির্গমন ও দেশে ফেরার আগমন সিলযুক্ত পাতার কপি।
৩. বিদেশে চিকিৎসা নেওয়ার কাগজপত্র এবং দেশে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় নথি।
৪. অসুস্থতা বা শারীরিক অবস্থার প্রমাণ হিসেবে বর্তমান সময়ের ছবি।
৫. অর্থ লেনদেনের উপযোগী ব্যাংক হিসাবের স্টেটমেন্ট এবং সংশ্লিষ্ট হিসাবের রাউটিং নম্বর।
ভিডিও কলে যাচাই করা হবে আবেদনকারীর অবস্থা
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনকারীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে যাচাই করা হয়ে থাকে। এই পর্যবেক্ষণের ভিত্তিতেই আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করা হয়।
আবেদন ও যোগাযোগের তথ্য
আর্থিক সহায়তার জন্য আবেদন এবং বিস্তারিত তথ্য জানতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অনলাইন পোর্টাল ভিজিট করা যাবে।
ওয়েবসাইট: www.portal.wewb.gov.bd
এ ছাড়া প্রয়োজনে যোগাযোগ করা যাবে, দেশে (টোল-ফ্রি): ১৬১৩৫, বিদেশ থেকে: +৮৮০৯৬১০১০২০৩০, ওয়েবসাইট: www.wewb.gov.bd
বিদেশে কর্মরত অবস্থায় দুর্ঘটনা বা গুরুতর অসুস্থতার কারণে দেশে ফিরতে বাধ্য হওয়া কর্মীদের চিকিৎসার ব্যয় মেটাতে এই আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই যোগ্য প্রবাসী কর্মীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।








