বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সবশেষ

বাংলাদেশি দক্ষ কর্মী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ভিসা সহজ করবে কানাডা

বাংলাদেশের দক্ষ কর্মী, মেধাবী শিক্ষার্থী ও বৈধ ভ্রমণকারীদের জন্য কানাডার ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে দক্ষ জনশক্তি নিয়োগ, নিরাপদ অভিবাসন, সাইবার নিরাপত্তা এবং বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর বিষয়েও ইতিবাচক মনোভাব দেখিয়েছে কানাডা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আশ্বাস দেন কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার (ইন্দো-প্যাসিফিক) ওয়েলডন এপ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, দক্ষ কর্মী নিয়োগ, সাইবার নিরাপত্তা, যৌথ বিনিয়োগ এবং রোহিঙ্গা সংকট বিশেষ গুরুত্ব পায়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও কানাডার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং উন্নয়ন অংশীদারত্বের বিষয়টি তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে ওয়েলডন এপ বলেন, কানাডা অভিবাসন নীতিতে বর্তমানে ভারসাম্য আনার উদ্যোগ নিলেও বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী ও দক্ষ পেশাজীবীদের জন্য দেশটির দরজা খোলা রয়েছে। বিশেষ করে বৈধ বাংলাদেশি ভ্রমণকারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও গতিশীল ও সহজ করার বিষয়ে কানাডা আগ্রহী।

কানাডার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সুযোগ
বৈঠকে কানাডার শ্রমবাজারের চাহিদা বিবেচনায় বাংলাদেশ থেকে বৈধ উপায়ে দক্ষ কর্মী নিয়োগের প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, নার্সিং, মেডিক্যাল টেকনোলজি, হোম কেয়ার, মেরিন ক্যাডেট ও হসপিটালিটি খাতে বাংলাদেশে উল্লেখযোগ্যসংখ্যক প্রশিক্ষিত জনবল রয়েছে।

এসব খাতে কানাডার প্রয়োজন অনুযায়ী কর্মী তৈরি করতে দেশটির সহযোগিতা কামনা করেন তিনি। প্রয়োজনে কানাডা থেকে প্রশিক্ষক এনে বাংলাদেশে বিশেষায়িত প্রশিক্ষণ কার্যক্রম চালু করা অথবা দুই দেশের যৌথ উদ্যোগে প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার প্রস্তাবও দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশের এ প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছেন বলে জানান ওয়েলডন এপ। তিনি বলেন, কানাডার অর্থনীতিতে নার্স, কেয়ারগিভারসহ বিভিন্ন পেশায় দক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে।

নিরাপত্তা প্রযুক্তি ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর আলোচনা
শুধু অভিবাসন নয়, নিরাপত্তা খাতেও কানাডার সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ। বৈঠকে কোস্টগার্ডের নদী ও উপকূলীয় এলাকায় টহলের জন্য আধুনিক জলযান সংগ্রহ এবং পুলিশের সাইবার নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহারের আগ্রহের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ ছাড়া দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

রোহিঙ্গা পুনর্বাসনে কানাডার সহযোগিতা অব্যাহত
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। ওয়েলডন এপ জানান, কানাডা অভিবাসীর সংখ্যা সীমিত করার নীতি অনুসরণ করলেও বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনের পরিমাণ বাড়িয়েছে। একই সঙ্গে সংকটের স্থায়ী সমাধানে আঞ্চলিক দেশগুলোর, বিশেষ করে আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলোর ভূমিকা জোরদার করতে কাজ করছে কানাডা।

বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর মিয়ানমারের ওপর চীন, আসিয়ান ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদারের চাপ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

রোহিঙ্গাদের নাগরিকত্ব, নিরাপদ বসবাসের পরিবেশ এবং জীবিকার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে, যাতে তারা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে পারে বলে মত দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আঞ্চলিক অপরাধ দমনে যৌথ উদ্যোগের তাগিদ
আলোচনায় মিয়ানমারকে কেন্দ্র করে পরিচালিত সাইবার প্রতারণা, মাদক ও মানবপাচারের বিষয়টিও উঠে আসে। এসব অপরাধকে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্যও বড় হুমকি হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ধরনের অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট দেশগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

বৈঠকে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, কানাডিয়ান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মার্কাস ডেভিস, হেড অব এইড সুজান কুইন, ট্রেড কমিশনার কামাল উদ্দিনসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *