বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও দলটির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর কারাগারে পাঠানো হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আবুল হাসান স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোমবার রাতে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান গ্রেপ্তার ও আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন আবুল হাসানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার তদন্তে পাওয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে তৎকালীন সরকারকে রাজনৈতিক বিরোধী পক্ষ দমনে সহযোগিতা করার অভিযোগ প্রাথমিকভাবে তার বিরুদ্ধে উঠে এসেছে।
তদন্ত কর্মকর্তার আবেদনে আরও উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড সম্পর্কে আবুল হাসান বেশ কিছু তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। মামলাটি বর্তমানে ডিবির মতিঝিল বিভাগ তদন্ত করছে। তদন্তের প্রয়োজনে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে পরবর্তী সময়ে রিমান্ড আবেদন করা হতে পারে। পাশাপাশি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে জেলগেটে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথাও আবেদনে উল্লেখ করা হয়।
গোপালগঞ্জের ঘটনায়ও আলোচনায় আবুল হাসান
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা এবং সম্প্রতি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে জেলায় সংঘটিত সহিংসতার ঘটনায়ও আলোচনায় এসেছেন এই পুলিশ কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, গোপালগঞ্জের সাম্প্রতিক নাশকতায় সম্পৃক্ততার অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় উসকানিদাতা ও অর্থের জোগানদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া গোপালগঞ্জের নাশকতার ঘটনায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পুলিশ ও প্রশাসনের ৩০ কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে বলে জানা গেছে।
যেভাবে হত্যা মামলায় জড়ায় আবুল হাসানের নাম
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় তৎকালীন ডিবি প্রধান হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমারের নেতৃত্বাধীন পুলিশ দল।
অভিযান চলাকালে বিএনপির কার্যালয়ে ভাঙচুর এবং আশপাশের এলাকায় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই ঘটনায় বিএনপিকর্মী মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর এ ঘটনায় পল্টন মডেল থানায় মামলা করেন মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৫৬ জনকে আসামি করা হয়। এ মামলার এজাহারভুক্ত ১৭১ নম্বর আসামি আবুল হাসান।
ডিএমপির গুরুত্বপূর্ণ পদেও ছিলেন
আবুল হাসান ২০২৪ সালের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তাকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) বদলি করা হয়।
সর্বশেষ তিনি ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে কর্মরত ছিলেন। সেখান থেকেই সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাইয়ের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।








